
ডেক্স রিপোর্ট
টেকনিক্যালি বাংলাদেশের ব্যাটিং অনেক পরিবর্তন ছিল। প্লেয়িং লেট, ক্লোজ টু বল, সফট হ্যান্ডসহ নানান বিষয়ে পরিবর্তন এনেছে বাংলাদেশ। শান্ত আবার উল্টো ছিলেন। বটম হ্যান্ডের গ্রিপে পুল, হুকের ওপর নির্ভর করেছেন। কিন্তু ট্যাকটিক্যালি বাংলাদেশের পরিবর্তন একটি। তাইজুলের পরিবর্তে নেমেছেন হাসান মাহমুদ।
মিরাজের পরে সাধারণ তাইজুল নামেন। কিন্তু হাসানকে নামানোর বড় কারণ হতে পারে ফাস্ট বল সামলানো। স্পিনের তুলনায় পেস বল খেলতে বেশি সাবলীল হাসান মাহমুদ। টেস্ট ক্যারিয়ারে একাধিকবার সেই প্রমাণ দিয়েছেন। এমনকি তার মূর্তিমান হয়ে দাঁড়িয়ে থাকা ইনিংসে ভর করে বড় সংগ্রহের দেখা পেয়েছিল বাংলাদেশ।
পরিসংখ্যান তুলে ধরা যাক। টেস্টে এখন পর্যন্ত তিনবার ৫০ বা তার বেশি বলের ইনিংস খেলেছেন হাসান মাহমুদ। ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে ৫১ বলের ইনিংস খেলেন তিনি, যার ৬০ শতাংশই ছিল ফাস্ট বল। গেল বছর জিম্বাবুয়ের বিপক্ষে ৫৮ বলের ইনিংস খেলেন হাসান। সেখানেও পেসারদের ডেলিভারি ছিল ৬৩ শতাংশ।
সম্প্রতি কাউন্টিতেও ব্যাট করতে নেমে ফাস্ট বোলারদের ভালো সামলেছেন হাসান। সেই অভিজ্ঞতা থেকে তাকে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে নামানো হয়। অজিদের বিপক্ষে এখন পর্যন্ত ৭৬টি বল মোকাবিলা করেছেন, যার ৭০ শতাংশই ছিল পেসারদের ডেলিভারি। অর্থাৎ পেসার সামলানোর দক্ষতা আরেকবার দেখালেন হাসান।
পেস সামলাতে ব্যাটারদের পজিশনে সামান্য এই পরিবর্তনে বড় সুফলও পেয়েছে বাংলাদেশ। দিনের শেষ সেশনে হাসান-মিরাজ মিলে অস্ট্রেলিয়ার ২৫ ওভার কাটিয়ে এসেছেন। তাতে উইকেট হারানোর মতো আর কোনো বিপদে পড়েনি বাংলাদেশ। ফাস্ট বোলারদের রুখে দেওয়ার জন্য নিশ্চয়ই কৃতিত্ব পাবেন হাসান মাহমুদ।