1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

অভাবের কাছে নয়, মানুষের ভালোবাসার কাছে আমার জয় হোক

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৩৩ বার পঠিত

® জেমস আব্দুর রহিম রানা ®

হাসপাতালের সাদা দেয়ালগুলোই আজ আমার পৃথিবী, কতদিন হলো জানি না— কত রাত কেটেছে ব্যথার সঙ্গে, কত সকাল শুরু হয়েছে ওষুধের গন্ধে। একটার পর একটা অপারেশন, একটার পর একটা পরীক্ষা, জীবন যেন এখন শুধুই বেঁচে থাকার সংগ্রামের আরেক নাম।

যা ছিল সঞ্চয়, চিকিৎসার পথেই শেষ হয়ে গেছে, যা ছিল স্বপ্ন, সেগুলোও আজ হাসপাতালের বিল আর ওষুধের হিসাবের নিচে চাপা পড়ে আছে। তবুও আমি হার মানিনি। অভাবের কাছে হারিনি, তবুও আজ বড় ক্লান্ত আমি।

সামনে আবার একাধিক বড় অপারেশন, ডাক্তার বলছেন—সময়মতো না হলে বিপদ বাড়বে। আর আমি নীরবে ভাবি—
কোথায় পাবো এত টাকা? একদিকে নিজের চিকিৎসা, অন্যদিকে সংসারের খরচ, সন্তানের মুখের খাবার, প্রিয়জনের দুশ্চিন্তা, আর ভাঙা পায়ের অসহ্য যন্ত্রণা— সব মিলিয়ে জীবন যেন এক নিঃশব্দ কান্নার নাম।

রাত গভীর হলে বুকের ভেতর একটি প্রশ্ন জেগে ওঠে বারবার— অভাব কি সত্যিই এত বড়, যে একজন মানুষকে সুস্থ হয়ে ওঠার অধিকার থেকেও বঞ্চিত করতে পারে?

তবুও আমি আকাশের দিকে তাকিয়ে থাকি। হে দয়াময়, তুমি তো বলেছিলে অভাবীর পাশে থাকবে, তুমি তো বলেছিলে- কান্নারও উত্তর আছে। তাহলে, আজ এই অসহায় মানুষের আর্তনাদ কি তোমার কানে পৌঁছায় না?

অনেক রাত আমি নিরবে কেঁদেছি, অনেকবার ভেবেছি— হয়তো আর পারব না। হয়তো এই পথের শেষ দেখতে পাবো না। কিন্তু ঠিক তখনই, অন্ধকারের গভীরতম মুহূর্তে, তুমি কিছু মানুষকে পাঠিয়েছ আমার পাশে।

কেউ সাহায্যের হাত বাড়িয়েছেন, কেউ সাহসের কথা শুনিয়েছেন, কেউ আমার জন্য চোখের জল ফেলেছেন, কেউ নীরবে প্রার্থনা করেছেন। আর কেউ শুধু বলেছিলেন— “ভাই, ভেঙে পড়বেন না, আমরা আছি।”

সেই মুহূর্তে আমি বুঝেছি, মানুষের ভালোবাসার চেয়ে বড় শক্তি আর নেই।
আমি ধর্মবর্ণ চিনি না, আমি শুধু মানুষ চিনতে চাই। কারণ আমার বিপদের দিনে ধর্ম নয়, মানুষ আমার পাশে দাঁড়িয়েছে। পরিচয় নয়, মানবিকতা আমার চোখের জল মুছে দিয়েছে। পদ-পদবি নয়, একটি সহানুভূতির হাত আমাকে নতুন করে বাঁচার সাহস দিয়েছে।

আজ আমি উপলব্ধি করি— মানুষের ভেতরেই তুমি লুকিয়ে থাকো, হে প্রভু। কখনো বন্ধুর রূপে, কখনো অপরিচিত কারও মমতায়, কখনো একটি ফোনকলে, কখনো একটি প্রার্থনায়, কখনো একটি সহানুভূতির স্পর্শে।

তোমার অশেষ করুণায়, আর কিছু অসাধারণ মানুষের ভালোবাসায় আমি আজও বেঁচে আছি। যাদের সহায়তায় আমার চিকিৎসা চলছে, যাদের দোয়া আমার শক্তি হয়ে আছে, যাদের ভালোবাসা আমাকে বারবার মৃত্যুভয় থেকে ফিরিয়ে এনেছে, তাদের প্রতি আমার আজীবনের কৃতজ্ঞতা।

আমি যেন কখনো তাদের ভালোবাসা ভুলে না যাই। আমি যেন কখনো এই ঋণ অস্বীকার না করি। আমি যেন সবসময় মনে রাখি— আমার সবচেয়ে কঠিন সময়ে মানুষই ছিল আমার সবচেয়ে বড় আশ্রয়।

আর যদি কোনোদিন তুমি আমাকে সম্পূর্ণ সুস্থ করে দাও, যদি আবার নিজের পায়ে দাঁড়ানোর শক্তি দাও, যদি আবার আমি স্বাভাবিক জীবনে ফিরতে পারি, তবে সেদিন আমার চোখের পর্দা খুলে দিও।
যেন আমি দেখতে পাই আমার মতো কষ্টে থাকা মানুষদের। যেন আমিও কারও বিপদের দিনে পাশে দাঁড়াতে পারি। যেন আমিও কারও চোখের জল মুছে দিতে পারি। যেন আমিও মানুষের ভালোবাসার এই ঋণ মানুষের কাছেই ফিরিয়ে দিতে পারি।

আমি ধন-সম্পদ চাই না, বিলাসী জীবনও চাই না। শুধু চাই চিকিৎসাটা সম্পূর্ণ হোক। শুধু চাই আবার হাঁটতে, আবার হাসতে, আবার স্বপ্ন দেখতে, আবার বেঁচে উঠতে।

আজ আমার হৃদয় ভরা কৃতজ্ঞতায়— তোমার প্রতি কৃতজ্ঞতা, আর আমার জন্য যারা দোয়া করেছেন, সাহায্য করেছেন, খোঁজ নিয়েছেন, ভালোবেসেছেন, তাদের প্রত্যেকের প্রতি অফুরন্ত শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা।

দোয়া করবেন, যেন অভাবের কাছে নয়, মানুষের ভালোবাসার কাছেই আমার জয় হয়। যেন এই দীর্ঘ অন্ধকার শেষে আমার জীবনেও একদিন পূর্ণিমার আলো নামে।

কারণ আমি এখন আর শুধু একটি অপারেশনের অপেক্ষায় নেই— আমি অপেক্ষায় আছি আবার স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার, আবার হাঁটার, আবার হাসার, আবার বেঁচে ওঠার।

আর সেদিন, চোখ ভরা কৃতজ্ঞতা নিয়ে বলব— অভাব আমাকে হারাতে পারেনি, কারণ মানুষের ভালোবাসা আমাকে বাঁচিয়ে রেখেছিল। #

— জেমস আব্দুর রহিম রানা।
সিনিয়র গণমাধ্যমকর্মী, সাহিত্যিক ও কলামিস্ট।
মনোহরপুর, মণিরামপুর, যশোর।
মোবাইল: ০১৩০০৮৩২৮৬৮
অসুস্থতার ছবি

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24