
মোঃ আশিকুর রহমান (হবিগঞ্জ) থেকে :
হবিগঞ্জের আজমিরীগঞ্জে দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে মাদকের বিস্তার। উপজেলার বিভিন্ন এলাকায় মাদক কারবার ও সেবনের অভিযোগে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। মাদকের ছোবলে জড়িয়ে পড়ায় ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে শঙ্কিত অভিভাবকরা। বিশেষ করে কিশোর ও তরুণদের একটি অংশ এই মাদকে জড়িয়ে পড়ছে।
স্থানীয়দের অভিযোগ, উপজেলার বিভিন্ন পয়েন্টে গোপনে চলছে মাদক কেনাবেচা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঢিলেঢালা তৎপরতার সুযোগে মাদক কারবারিরা কৌশল পরিবর্তন করে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ফলে মাদকের বিস্তার ঠেকানো দিন দিন কঠিন হয়ে পড়ছে বলে মনে করছেন সচেতন মহল।
মাদককে ঘিরে চুরি, ছিনতাই, মারামারিসহ নানা অপরাধের আশঙ্কাও বাড়ছে। মাদকের টাকা জোগাড় করতে কেউ কেউ অপরাধের চরমে পৌঁছে পিতাকেও খুন করতে পিছপা হচ্ছে না। এতে একদিকে সামাজিক অস্থিরতা বাড়ছে, অন্যদিকে নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ।
উপজেলার কাকাইলছেও গ্রামের কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, কাকাইলছেওর কয়েকটি পয়েন্টে প্রায়ই রাতে মাদকসেবীদের আনাগোনা দেখা যায়। পরিবারের অবাধ্য হয়েই তারা মূলত মাদকের সঙ্গে জড়িয়েছে।
জলসুখা ইউনিয়নের শাহিনূর মিয়া জানান, “আমাদের ইউনিয়নেও যুবকদের মধ্যে নেশার প্রতি আসক্তি দিন দিন বাড়ছে। নেশার টাকা না পেয়ে রাতের আঁধারে এলাকায় চুরি সংঘটিত হচ্ছে। চোরের আতঙ্কে আছে ইউনিয়নবাসী।”
বদলপুর ইউনিয়নের লুকুছ মিয়া জানান, “পিরোজপুর পয়েন্টসহ বদলপুর, পাহাড়পুরে নতুন করে মাদকের সঙ্গে জড়াচ্ছে অনেক যুবক, যাদের অনেকের পরিবারই দরিদ্র।”
মাদকের আসক্তিতে শিক্ষা, পরিবার ও সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব পড়ছে বলেও মনে করছে স্থানীয় সুশীল সমাজ।
আজমিরীগঞ্জের সচেতন নাগরিকরা বলছেন, শুধু অভিযান চালিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়। মাদক সরবরাহের উৎস, কারবারের সঙ্গে জড়িতদের শনাক্ত করা এবং তাদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে একযোগে কাজ করতে হবে।
আজমিরীগঞ্জকে মাদকমুক্ত করতে প্রশাসনের নিয়মিত অভিযান জোরদার, মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং মাদকাসক্তদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া জরুরি। একই সঙ্গে মাদকের বিস্তার রোধে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত পদক্ষেপ প্রয়োজন।
মাদকের ভয়াল বিস্তার ঠেকাতে প্রশাসনের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ না নিলে তা ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা। মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত ভূমিকা এবং একতাই সমাধান বলে মনে করছে সচেতন মহল।
মাদকের বিস্তার নিয়ে মুঠোফোনে আলাপকালে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, মাদক নিয়ন্ত্রণে কঠোরভাবে অভিযান পরিচালনা করা হবে।
তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। উপজেলাকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং আরও জোরদার করা হবে।”ওসি আরও জানান, শুধু অভিযানই নয়, এর পাশাপাশি মসজিদ, স্কুল-কলেজে ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন জায়গায় জনসচেতনতামূলক আলোচনা ও প্রচারণা চালানো হচ্ছে, যাতে যুব সমাজ মাদক থেকে দূরে থাকে।