
মোঃ শিহাব উদ্দিন, ভ্রাম্যমাণ প্রতিনিধি, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী মর্তুজাবাদ কামিল (মাস্টার্স) মাদরাসার ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরক জয়ন্তী উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে। এ আয়োজন সফল করতে সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকালে আয়োজিত সভায় মাদরাসার বিভিন্ন ব্যাচের অর্ধশতাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন। সভায় প্রতিষ্ঠানের ছয় দশকের শিক্ষাযাত্রা স্মরণীয় করে রাখতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন এবং সাবেক শিক্ষার্থীদের বৃহৎ পুনর্মিলনী করার বিষয়ে আলোচনা হয়।
সভায় অনুষ্ঠান বাস্তবায়নের জন্য মো. ফজলুল হককে সভাপতি, অ্যাডভোকেট ইস্রাফিল হোসেনকে সাধারণ সম্পাদক এবং আব্দুল্লাহ আল মামুনকে অর্থ সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়। মাদরাসার অধ্যক্ষ আ.ন.ম. বোরহান উদ্দিনকে কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছে।
এ ছাড়া হীরক জয়ন্তী উপলক্ষে স্মরণিকা প্রকাশ, শিক্ষক ও শিক্ষার্থীদের সংবর্ধনা, অতিথিদের আপ্যায়ন, অনুষ্ঠানস্থলের শৃঙ্খলা রক্ষা এবং ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনার জন্য পৃথক উপকমিটি গঠন করা হয়।
আয়োজকেরা জানান, সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকদের একত্র করে একটি স্মরণীয় মিলনমেলা আয়োজন করাই তাঁদের মূল লক্ষ্য। এ আয়োজনের মধ্য দিয়ে মাদরাসার দীর্ঘদিনের ঐতিহ্য, শিক্ষাজীবনের স্মৃতি এবং প্রতিষ্ঠানের সঙ্গে প্রাক্তন শিক্ষার্থীদের সম্পর্ক নতুন করে উদ্যাপনের সুযোগ তৈরি হবে।
হীরক জয়ন্তী উদযাপনকে ঘিরে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ ও উৎসাহ তৈরি হয়েছে। অনুষ্ঠান সফল করতে সাবেক শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ এবং সার্বিক প্রস্তুতি এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।