
পঞ্চগড় প্রতিনিধি:আসাদুজ্জামান আপেল
পঞ্চগড়ের বোদা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় দুই মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো এক ছাত্র। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের সাহাপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। পরে তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্থানীয়রা।
নিহতরা হলেন, বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ভোলা বসুনিয়া সাকোয়া এলাকার আতাউর রহমানের ছেলে সাদিক (১৭) ফুলবাড়ী সাকোয়া এলাকার মিজানুর রহমানের ছেলে রাহাত (১৬)।
এছাড়া অপর আহত যুবক হলেন, সাকোয়া সাহাপাড়া এলাকার আবু সাহার ছেলে রাব্বি (১৬)। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
তারা তিনজনই সাকোয়া জামিলাতুন নেছা ফাজিল মাদরাসার ১০ম শ্রেণীর ছাত্র।
পুলিশ জানায়, উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের সাহাপাড়া এলাকায় প্রাইভেট পড়ে মোটরসাইকেলের যোগে বাসার দিকে যাচ্ছিলেন তিন মাদরাসা ছাত্র। এসময় তারা ইউনিয়নের সাহাপাড়া এলাকায় পৌঁছালে রাস্তায় মোড় নিতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারের গাছের সাথে ধাক্কা খান। এসময় তারা গুরুতর আহত অবস্থায় সড়কের ধারে ছিটকে পড়েছিলেন। এ সময় তাদের মাথা ও কান দিয়ে অনবরত রক্ত ঝরছিল। পরের স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসা হয়। এসময় জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাদিক ও রাহাতকে মৃত ঘোষণা করেন।
বোদা উপজেলার থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল বলেন, তিন মাদরাসা ছাত্রের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন স্থানীয়রা। এর মধ্যে দুইজন মারা গেছেন। আমরা নিহতদের মরদেহের সুরতহাল করে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করবো।