
মোঃ শিহাব উদ্দিন
ভ্রাম্যমাণ প্রতিনিধি, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গভীর রাতে মেঘলা পরিবহনের দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার গোলাকান্দাইল এলাকায় মাসুমের গ্যারেজের সামনে এ ঘটনা ঘটে। আগুনে বাস দুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় গুলির শব্দ শোনা গেছে বলেও দাবি করেছেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা।
ক্ষতিগ্রস্ত বাস দুটি হলো—ঢাকা মেট্রো-ব-১৫-১৪২৯ ও ঢাকা মেট্রো-ব-১১-৭৬০০ নম্বরের মেঘলা পরিবহনের বাস।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রাতের দিকে কয়েকটি মোটরসাইকেলে করে হেলমেট পরা প্রায় ১০ জন ব্যক্তি ঘটনাস্থলে আসে। পরে তারা বাস দুটিতে আগুন ধরিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। এ সময় একটি গুলির শব্দ শোনা গেছে বলেও দাবি করেন তারা। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশে আতঙ্কের সৃষ্টি হয়।
খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বাস দুটি আগুনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
বাসের মালিক শহিদুল আলম সাংবাদিকদের জানান, তাঁর বাস দুটি সাধারণত সংসদ সদস্য দিপু ভূঁইয়ার বাড়ির সামনের মাসুমের গ্যারেজে রাখা হতো। রাত সাড়ে ৩টার দিকে পাঁচটি মোটরসাইকেলে আসা প্রায় ১০ জন হেলমেটধারী ব্যক্তি বাস দুটিতে আগুন দেয় বলে তিনি জানতে পেরেছেন। এ ঘটনায় তাঁর বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে।
ঘটনার পর ভূলতা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ফাঁড়ির ইনচার্জ রঞ্জু জানান, কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে। জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।