1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুঃসময়ে রাজপথ ছাড়েননি রাহুল, তুলে ধরলেন ১৭ বছরের রাজনৈতিক পথচলা নিজেদের ওয়ার্ড গড়ার প্রত্যয়ে ইউপি সদস্য প্রার্থী হতে চান সমাজসেবক মুহাম্মদ রায়হান পীরগাছায় কিশোরের বাড়িতে বিয়ের দাবিতে নারীর অবস্থান পূর্বধলায় আহলে সুন্নাত ওয়াল জামাতের বার্ষিক ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত বুড়িচংয়ে মুসলিম চানাচুর কারখানায় অভিযান, কতো হলো জরিমানা গ্রামীণ ব্যাংকের শতাধিক শাখায় পেট্রলবোমা হামলার অভিযোগ ইউনূসের দেশের চলমান অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির চক্রান্তকে ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি ময়মনসিংহে সিপিএসসি, এসআরবি-১৪, এর বিশেষ অভিযানে বিদেশি মদসহ আটক ০২ পাকিস্তান-শ্রীলঙ্কা-নেপালের ক্রিকেটারদের নিয়ে কালিয়াকৈরে শিরোপার লড়াইয়ে ১২ দল যশোর বোর্ডে এইচএসসিতে নতুন করে জিপিএ ৫ পেয়েছে শিক্ষার্থীরা

গ্রামীণ ব্যাংকের শতাধিক শাখায় পেট্রলবোমা হামলার অভিযোগ ইউনূসের

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

ডেক্স রিপোর্ট
নভেম্বরের শুরু থেকে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখা কার্যালয়ে প্রায় প্রতিদিন পেট্রলবোমা হামলা হচ্ছে বলে অভিযোগ করেছেন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এসব হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার পাশাপাশি দেশ-বিদেশের সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে ড. ইউনূস বলেন, শুধু নভেম্বর মাসেই দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০টি শাখায় হামলার ঘটনা ঘটেছে। হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে। হামলার ধরন দেখে তার ধারণা, ওপরের মহলের নির্দেশনায় প্রতিদিন এসব ঘটনা ঘটানো হচ্ছে।

বিবৃতিতে তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এসব ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীদের দায়ী করা হচ্ছে। চট্টগ্রামে তার নিজের বাড়িতেও হামলা হয়েছে। ওই বাড়িতে তার দুই ছোট ভাই পরিবার নিয়ে বসবাস করেন। সেখান থেকেই তিনি গ্রামীণ ব্যাংকের কার্যক্রম শুরু করেছিলেন।

গ্রামীণ ব্যাংকে হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে ড. ইউনূস বলেন, দরিদ্র নারীদের মালিকানাধীন এই ব্যাংক দারিদ্র্য বিমোচনে বিশ্বজুড়ে পরিচিত। ২০ বছর আগে প্রতিষ্ঠানটি নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল। চলতি বছর ব্যাংকটির প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল শান্তি পুরস্কার অর্জনের ২০ বছর পূর্তি হচ্ছে।

তিনি বলেন, গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ কার্যক্রম বিশ্বের বিভিন্ন দেশে অনুসরণ করা হয়েছে। এই ঋণের মাধ্যমে বহু নারী দারিদ্র্য থেকে বেরিয়ে আসার সুযোগ পেয়েছেন। পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়া এবং সন্তানদের শিক্ষার ব্যবস্থা করাও তাদের জন্য সহজ হয়েছে।

ড. ইউনূসের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী। ব্যাংকটির ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি। ঋণগ্রহীতারা ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক, বাকি ১০ শতাংশ সরকারের। তার মতে, এই ব্যাংকে হামলা মানে দরিদ্র নারীদের নিরাপত্তা, স্বাবলম্বী হওয়ার সুযোগ এবং তাদের সন্তানদের ভবিষ্যতের ওপর আঘাত।

বিবৃতিতে তিনি জানান, কয়েকটি হামলার ঘটনায় ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতারা অল্পের জন্য প্রাণে বেঁচেছেন। এসব ঘটনার কারণে গ্রামাঞ্চলের লাখো নারীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিবার পরিচালনা, সন্তানদের পড়াশোনা এবং দৈনন্দিন প্রয়োজন মেটাতে এসব নারীর কাছে গ্রামীণ ব্যাংক গুরুত্বপূর্ণ অবলম্বন।

গ্রামীণ ব্যাংকের বাইরেও বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটছে বলে বিবৃতিতে উল্লেখ করেন ড. ইউনূস। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সামনের সারির যোদ্ধা ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া বিএনপির তিন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি পুলিশ স্টেশনেও হামলা হয়েছে।

গ্রামীণ ব্যাংকের মালিকানা নিয়ে ছড়ানো বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ড. ইউনূস বলেন, ব্যাংকটি তার ব্যক্তিগত মালিকানাধীন কিংবা তার পরিচালনায় রয়েছে—এমন দাবি সঠিক নয়। ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরিয়ে দেয়। এরপর থেকে ব্যাংকের পরিচালনা বা দৈনন্দিন কার্যক্রমে তার কোনো ভূমিকা নেই। এমনকি ব্যাংকটির কোনো শেয়ারের মালিকও তিনি কখনো ছিলেন না।

ব্যাংকের ১ কোটি ১০ লাখ মালিক, কর্মকর্তা-কর্মচারী এবং নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বাড়তি নিরাপত্তা চাওয়া হয়েছে বলে জানান তিনি। হামলার পর দ্রুত পদক্ষেপ নেওয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে সব হামলাকারীকে দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান ড. ইউনূস।

একই সঙ্গে হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায় থেকে চাপ সৃষ্টিতে গ্রামীণ ব্যাংকের বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।

ড. ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংকে হামলা কেবল একটি প্রতিষ্ঠানের ওপর আঘাত নয়; দারিদ্র্য দূরীকরণ এবং মানুষের মর্যাদা প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টার ওপরও আঘাত। দরিদ্র নারীদের মালিকানাধীন এই প্রতিষ্ঠান রক্ষায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24