
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ, অভিভাবক সমাবেশ, মুসল্লিদের সঙ্গে মতবিনিময় ও পথসভায় অংশগ্রহণ করেছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় বেজোড়আটি লেদ মোড়স্থ আল-নূর ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আয়োজিত অভিভাবক সমাবেশ, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণের মধ্য দিয়ে তাঁর দিনের কর্মসূচি শুরু হয়।
এ সময় তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, মেধা বিকাশ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকা রাখার আহ্বান জানান।
এরপর তিনি গাজিরহাট সেট মসজিদে জোহরের নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন। বিকেলে খানজিয়া জামে মসজিদে আসরের নামাজ আদায় শেষে উপস্থিত মুসল্লিদের সঙ্গে এলাকার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন।
দিনের শেষ কর্মসূচিতে নাংলা বাজারে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। বক্তব্যে তিনি বলেন, “জনগণের প্রত্যাশা ও এলাকার সার্বিক উন্নয়নকে গুরুত্ব দিয়ে আমরা কাজ করতে চাই। এলাকার মানুষের সমস্যা, সম্ভাবনা ও প্রয়োজনীয়তার কথা সরাসরি শুনে সাধ্যমতো সমাধানের উদ্যোগ নেওয়াই আমাদের লক্ষ্য। শিক্ষা, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, “জনপ্রতিনিধি হিসেবে জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকা এবং তাঁদের সুখ-দুঃখের অংশীদার হওয়া আমাদের দায়িত্ব। এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সকলের সহযোগিতা কামনা করছি।”
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা এইচ এম এমদাদুল হক, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা দেলওয়ার হোসেন, নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ মাওলানা হাবিবুল্লাহ বাশার, ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মাওলানা শহিদুল ইসলাম, মো. রবিউল ইসলাম, ইউনিয়ন সেক্রেটারি একরামুল কবির বকুলসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ।
দিনব্যাপী এসব কর্মসূচিতে সংসদ সদস্য স্থানীয় অভিভাবক, শিক্ষক, মুসল্লি, নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, কুশল বিনিময় এবং মতবিনিময় করেন। তাঁর এ কর্মসূচিকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।