
আবু মুসা, কক্সবাজার:
কক্সবাজারের উখিয়ায় বহুল আলোচিত মানব পাচার ও ১৫ বছর বয়সী কিশোর হুমায়ুন কবির হত্যা মামলার ২ নম্বর এজাহারনামীয় পলাতক আসামি আলী আহমদকে (৪০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের উখিয়া থানাধীন মরিচ্যা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১৫-এর সিপিএসসি, কক্সবাজারের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
মালয়েশিয়া পাঠানোর প্রলোভনে মানব পাচারের অভিযোগ
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার এজাহার ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, উখিয়ার রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া এলাকার কিশোর হুমায়ুন কবিরকে মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে একটি মানব পাচারকারী চক্র অবৈধভাবে সাগরপথে নিয়ে যায়।
পরবর্তী সময়ে স্বজনেরা বিষয়টি জানতে পেরে থানায় অভিযোগ জানালে চক্রটি ক্ষিপ্ত হয়ে ওঠে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এরপর আন্তর্জাতিক মানব পাচারকারীদের মাধ্যমে কিশোর হুমায়ুনের ওপর নির্মম নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয় এবং মরদেহ সাগর বা নদীতে ভাসিয়ে দেওয়া হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ ঘটনায় কক্সবাজার ও উখিয়াজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়। এ হত্যা ও মানব পাচার মামলায় আলী আহমদ ২ নম্বর এজাহারনামীয় আসামি।
গ্রেপ্তার আসামির পরিচয়
গ্রেপ্তার আলী আহমদ (৪০) উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর পুকুরিয়া গ্রামের মৃত সোনা আলীর ছেলে।
এসআরবি-১৫ জানায়, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।