
কামাল পাশা, সিংড়া (নাটোর) প্রতিনিধি: মাননীয় সংসদ সদস্য (এমপি) মহোদয়ের বিশেষ নির্দেশনায় নাটোরের সিংড়া উপজেলার বিভিন্ন নদী-নালা, খাল-বিল ও জলাশয় থেকে কচুরিপানা অপসারণে তৈরি করা হয়েছে একটি বিশেষ নৌকা। স্থানীয় উদ্ভাবক রাসেলের নির্মিত এ নৌকাটি অল্প সময়েই কচুরিপানা কেটে জলাশয় পরিষ্কার করতে সক্ষম। ইতোমধ্যে এর কার্যকারিতা স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
সোমবার নৌকাটির প্রস্তুতি ও কার্যকারিতা সরেজমিনে পরিদর্শন করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী, কাজল সরকার, সিংড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পরিদর্শন শেষে ইউএনও আব্দুল্লাহ আল রিফাত নৌকাটির কার্যকারিতা দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, আগামী বৃহস্পতিবার (ইনশাআল্লাহ) আনুষ্ঠানিকভাবে এ বিশেষ নৌকার মাধ্যমে কচুরিপানা অপসারণ কার্যক্রমের উদ্বোধন করা হবে।
স্থানীয়দের মতে, এমপির নির্দেশনায় গৃহীত এ উদ্যোগ বাস্তবায়িত হলে সিংড়ার বিভিন্ন নদী, খাল ও বিল দ্রুত কচুরিপানামুক্ত হবে। এতে নৌযান চলাচল সহজ হওয়ার পাশাপাশি মাছ চাষ, সেচ ব্যবস্থা এবং জলাশয়ের পরিবেশগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা প্রকাশ করেন।