
মোঃ শিহাব উদ্দিনের, নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের কাঁচপুরে রাসায়নিক পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে গাড়িতে থাকা রাসায়নিক সংরক্ষণের ড্রামগুলো আগুনে ক্ষতিগ্রস্ত হয়নি। এ ঘটনায় কেউ হতাহত হননি।
শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় এ ঘটনা ঘটে। রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়ের মিয়া।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে জানা গেছে, চট্টগ্রাম বন্দর থেকে মেয়াদোত্তীর্ণ ও ব্যবহারের অনুপযোগী রাসায়নিক নারায়ণগঞ্জের ওয়াটা কেমিক্যালস লিমিটেডে নেওয়া হচ্ছিল। পথে কাঁচপুর এলাকায় পৌঁছানোর পর বহনকারী কাভার্ডভ্যানটিতে আগুন লাগে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি জুবায়ের মিয়া জানান, প্রাথমিকভাবে কাভার্ডভ্যানের ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। গাড়িতে থাকা ড্রামগুলোতে আগুন ছড়িয়ে পড়েনি এবং এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
রাসায়নিক অপসারণ ও ধ্বংসের কার্যক্রম তদারকিতে গঠিত কমিটির সদস্যসচিব রাসেল আহমেদ জানান, চট্টগ্রাম থেকে ছয়টি কনটেইনার ও তিনটি কাভার্ডভ্যানে করে এসব মালামাল নারায়ণগঞ্জে নেওয়া হচ্ছিল। আগুন লাগা গাড়িতে থাকা ড্রামগুলো বর্তমানে খালি ছিল। আগে এসব ড্রামে রাসায়নিক রাখা হলেও পরবর্তী সময়ে সেগুলো নির্ধারিত স্থানে নেওয়া হচ্ছিল।
তিনি আরও জানান, ঘটনাস্থলের পরিস্থিতি পর্যালোচনার জন্য কমিটির একটি দল ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আগুনে ক্ষতিগ্রস্ত কাভার্ডভ্যানটি কাঁচপুর হাইওয়ে থানায় রাখা হয়েছে।
এর আগে শনিবার সকালে চট্টগ্রাম কাস্টমস হাউসের উদ্যোগে বন্দরে থাকা মেয়াদোত্তীর্ণ ও ব্যবহার অনুপযোগী বিপজ্জনক রাসায়নিক অপসারণের কার্যক্রম শুরু হয়। এ কার্যক্রমের আওতায় নয়টি কনটেইনার সরানোর উদ্যোগ নেওয়া হয়েছিল।