
খুলনায় ছেলে ধরা সন্দেহে গণপিটুনির শিকার হয়ে রাজু শিকদার (২৫) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় খুলনার রায়ের মহল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাজু শিকদার ফুলতলা বাজারের জমজম বস্ত্রালয়ের সেলসম্যান ছিলেন। তিনি ফুলতলা উপজেলার বুড়িয়ারডাঙ্গা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সন্ধ্যায় রাজুর সঙ্গে একটি শিশুকে দেখে স্থানীয় কয়েকজন তাকে ছেলে ধরা সন্দেহে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তবে নিহতের পরিবারের দাবি, এটি ছেলে ধরা সন্দেহে গণপিটুনি নয়; পরিকল্পিতভাবে রাজুকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।
ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত চলছে।