
সৌরভ হাওলাদার বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের বাকেরগঞ্জে বিএনপির গণসমাবেশে নেতাকর্মীর বর্ণাঢ্য মিছিল নিয়ে উপস্থিত হয়ে চমক সৃষ্টি করেছেন পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক হোসেন মৃধা। তাঁর নেতৃত্বে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গণসমাবেশে নতুন মাত্রা যোগ করে।
রবিবার (৮ নভেম্বর) বিকেল ৩টায় বাকেরগঞ্জের হেলিপ্যাড স্টেডিয়াম মাঠে উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত এ গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবুল হোসেন খান।
গণসমাবেশকে কেন্দ্র করে পাদ্রীশিবপুর ইউনিয়ন থেকে ফারুক হোসেন মৃধার নেতৃত্বে নেতাকর্মী বর্ণাঢ্য মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন। মিছিলে ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক হোসেন মৃধা সাংবাদিকদের বলেন, “আমি বিএনপির একজন পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ কর্মী। আমার রাজনৈতিক অভিভাবক সংসদ সদস্য আবুল হোসেন খানের নির্দেশনা ও নেতৃত্বের প্রতি শ্রদ্ধা রেখে পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে গণসমাবেশে অংশগ্রহণ করেছি। ভবিষ্যতেও বিএনপির প্রতিটি সাংগঠনিক ও রাজনৈতিক কর্মসূচিতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব।”
স্থানীয় রাজনৈতিক মহলে ফারুক হোসেন মৃধার নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণকে সাংগঠনিক ঐক্য ও দলীয় কর্মসূচিতে সক্রিয় উপস্থিতির বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাঁর এই বিশাল কর্মী-সমর্থক উপস্থিতি স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও আলোচনার জন্ম দিয়েছে।