
নজরুল ইসলাম,
টেকনাফ (কক্সবাজার)
টেকনাফে আবারও এক মানসিক ভারসাম্যহীন নারীর কোলজুড়ে এসেছে ফুটফুটে এক নবজাতক। সম্প্রতি টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই নারী সন্তানটির জন্ম দেন। তবে নবজাতকের বাবার পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারীর পরিচয় জানা থাকলেও তার গর্ভধারণের কারণ কিংবা সন্তানের বাবা কে—এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। মানসিক ভারসাম্যহীন হওয়ায় এ বিষয়ে তিনি নিজেও স্পষ্ট কোনো তথ্য দিতে পারছেন না।
ঘটনাটি স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে। একজন মানসিকভাবে অসুস্থ নারীর গর্ভধারণের পেছনে কোনো অপরাধ বা শোষণের ঘটনা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সবচেয়ে বড় উদ্বেগ এখন নবজাতক শিশুটিকে ঘিরে। জন্মের পর থেকেই শিশুটির বাবার পরিচয় অজানা। তার নিরাপত্তা, চিকিৎসা, লালন-পালন ও ভবিষ্যতের দায়িত্ব কে নেবে—এ প্রশ্নই সামনে এসেছে।
স্থানীয়রা শিশুটির সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মা ও নবজাতকের প্রয়োজনীয় চিকিৎসা, নিরাপদ আশ্রয় এবং ভবিষ্যৎ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন ও সমাজসেবা কর্তৃপক্ষের দ্রুত মানবিক হস্তক্ষেপ কামনা করেছেন।
একই সঙ্গে, ঘটনাটির পেছনে কোনো অপরাধ বা নারীর প্রতি সহিংসতার ঘটনা রয়েছে কি না, তা যথাযথভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।