
আবু মুসা, টেকনাফ প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের কোনাপাড়া সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫০ লাখ টাকা।
শনিবার (১১ জুলাই ২০২৬) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার (১০ জুলাই) রাত ৮টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলার কোনাপাড়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তল্লাশি চালিয়ে মাটির নিচে অভিনব কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার হওয়া ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, দেশে মাদকের ভয়াবহ বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রাখবে।