
নজরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা মূল্যের ২৫ হাজার পিস ইয়াবা এবং পাচারকাজে ব্যবহৃত একটি কাঠের বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় চারজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, বুধবার (১৯ আগস্ট) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন নোয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী। অভিযান চলাকালে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি চালানো হয়। এ সময় বোট থেকে প্রায় ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত তিনজনকে আটক এবং বোটটি জব্দ করা হয়।
অন্যদিকে, একই রাতে রাত ৮টার দিকে টেকনাফ থানাধীন শীলবুনিয়া পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ। এ অভিযানে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৫ হাজার পিস ইয়াবাসহ আরও একজন মাদক কারবারিকে আটক করা হয়।
দুটি অভিযানে সর্বমোট ২৫ হাজার পিস ইয়াবা, একটি কাঠের বোট ও চারজন মাদক কারবারি আটক করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত ইয়াবা, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, মাদকের ভয়াবহ বিস্তার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে। মাদক পাচার ও চোরাচালানের বিরুদ্ধে ভবিষ্যতেও আরও কঠোরভাবে অভিযান পরিচালনা করা হবে।