
মোঃ মাহাবুল ইসলাম অভি গাজীপুর
২৪ নভেম্বর মঙ্গলবার ২০২৬ইং গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ডেগেরচালা এলাকায় অবস্থিত ‘ফিন বাংলা অ্যাপারেলস’-এর একজন অন্তঃসত্ত্বা নারী গার্মেন্টস শ্রমিক নিহত হওয়ার গুজব ছড়িয়ে পড়ার পর সন্ধ্যায় কারখানার সামনে বিক্ষোভের ঘটনা ঘটেছে।
তবে সংশ্লিষ্ট নারী শ্রমিক নিজে থানায় উপস্থিত হয়ে নিজের সুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৪ নভেম্বর দুপুরে মধ্যাহ্ন বিরতির পর আনুমানিক ২টার দিকে শ্রমিকরা পুনরায় কাজে যোগদানের জন্য কারখানায় প্রবেশ করতে চাইলে কিছু বহিরাগত ব্যক্তি বাধা দেয়।
ওই সময় ধাক্কাধাক্কির এক পর্যায়ে ফিন বাংলা অ্যাপারেলসের সুইং অপারেটর ও অন্তঃসত্ত্বা শ্রমিক মোছাঃ দিলরুবা আক্তার মিলি (আইডি নং-৭৩৮৮) সামান্য ব্যথা পেয়ে আহত হন। তাৎক্ষণিকভাবে উপস্থিত লোকজনের সহায়তায় তিনি স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেন।
পরবর্তীতে ওই নারী শ্রমিকের নিহত হওয়ার গুজব কারখানার আশপাশে ছড়িয়ে পড়লে সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ফিন বাংলা অ্যাপারেলসের সামনে প্রায় ২৫০ থেকে ২৮০ জন ব্যক্তি জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার বরাতে পুলিশ জানায়, আহত শ্রমিক দিলরুবা আক্তার মিলি বর্তমানে সুস্থ অবস্থায় নিজ বাসায় অবস্থান করছেন। তিনি নিজেই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে গাছা থানায় উপস্থিত হয়ে নিজের সুস্থতা নিশ্চিত করেন এবং পুরো ঘটনার বিবরণ দেন। এ ঘটনায় গাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার এস. এম. শফিকুল ইসলাম।