
নারায়ণগঞ্জ প্রতিনিধি, মো. শিহাব উদ্দিন
নারায়ণগঞ্জের সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ বিশেষ অভিযানে ৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দিনব্যাপী জেলা পুলিশের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩৩২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ৯৮ জনের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৯ জন কর্মী, ৮ জন মাদক ব্যবসায়ী, ৫৮ জন মাদকসেবী, একজন চোর, পরোয়ানাভুক্ত সাতজন, নিয়মিত মামলার আটজন এবং অন্যান্য আইনে সাতজন রয়েছেন।
জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, ফতুল্লা মডেল থানায় ৪০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী, ১৮ জন মাদকসেবী, তিনজন পরোয়ানাভুক্ত আসামি, নিয়মিত মামলায় একজন ও অন্যান্য আইনে একজনসহ মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তিন সদস্য, ৩০ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ী, ১২ জন মাদকসেবী, একজন পরোয়ানাভুক্ত এবং নিয়মিত মামলায় পাঁচজনসহ মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোনারগাঁ থানায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তিন সদস্য, ৫০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ী, ১৩ জন মাদকসেবী, একজন পরোয়ানাভুক্ত ও একজন চোরসহ মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর থানায় ২১২ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ী, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্য, ছয়জন মাদকসেবী, দুইজন পরোয়ানাভুক্ত এবং অন্যান্য ধারায় চারজনসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া রূপগঞ্জ থানায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য, তিনজন মাদকসেবী ও অন্যান্য আইনে দুইজনসহ সাতজন; বন্দর থানায় ছয়জন মাদকসেবী ও অন্যান্য আইনে একজনসহ সাতজন এবং আড়াইহাজার থানায় অন্যান্য আইনে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর আদালতে সোপর্দ করা হয়েছে।