
মোঃ শফিয়ার রহমান পাইকগাছা (খুননা) প্রতিনিধি:-
রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।
পরে আনুষ্ঠানিকভাবে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়ের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাইকগাছা পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান এস এম এনামুল হক, জামায়াত নেতা মাওলানা কামাল হোসেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা বুলবুল আহমেদ এবং উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরামুল হোসেন।
এ সময় অতিথিবৃন্দ ও বক্তারা তাদের বক্তব্যে বলেন, আধুনিক ও বিজ্ঞানসম্মত উপায়ে প্রাণিসম্পদ পালন করলে একদিকে যেমন গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে, তেমনি দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশেও প্রাণিজ পণ্য রপ্তানি করা সম্ভব হবে। খামারীদের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
প্রাণিসম্পদ খাত আজ আত্মকর্মসংস্থানের এক বিশাল সম্ভাবনাময় ক্ষেত্র।
সঠিক প্রশিক্ষণ, মানসম্মত ওষুধ ও গো-খাদ্যের সহজলভ্যতা নিশ্চিত করা গেলে খামারীরা আরও বেশি লাভবান হতে পারবেন এবং দেশের পুষ্টি নিরাপত্তা ও রপ্তানি আয় বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবেন।
সভায় উপস্থিত খামারীদের পক্ষ থেকে ব্যবসায়ী ও খামারী মোস্তফা কামাল মিলন তার ইতিবাচক অভিজ্ঞতা ও প্রত্যাশা তুলে ধরে বলেন, সঠিক দিকনির্দেশনা ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে স্থানীয় খামারীরা আধুনিক পদ্ধতিতে উৎপাদন বাড়িয়ে জাতীয় অর্থনীতিতে আরও জোরালো অবদান রাখতে পারবেন।
তিনি খামারীদের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।উপজেলা এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়ার প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা মো. হাসিবুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার পাল, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, বিএনপি নেতা তুষার কান্তি মণ্ডল, পৌর জামায়াতের সেক্রেটারি মো. মিজানুর রহমান, ব্যবসায়ী কামরুল ইসলাম এবং ষোল আনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জি এম শুকুরুজ্জামানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় খামারীবৃন্দ।