
ডেক্স রিপোর্ট
আজ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে নার্সিং অ্যাটেনডেন্ট ও ইঞ্জিন ড্রাইভার (মেরিন) পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা গ্রহণ শেষে একই দিন চূড়ান্ত নির্বাচিতদের ফল ফায়ার সার্ভিসের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুকে প্রকাশ করা হয়েছে।
সকাল ৮-৩০ ঘটিকায় অধিদপ্তরের মেইন গেট থেকে প্রবেশপত্র দেখে ভাইবা পরীক্ষার জন্য শুধু লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ও আজকের জন্য পূর্ব ঘোষিত নিয়োগ প্রার্থীদের ভেতরে প্রবেশ করতে দেয়া হয়। এরপর বিশেষ সফটওয়্যার-এর সাহায্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের প্রবেশপত্র চেক করে এবং মাঠ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সময় তুলে রাখা ছবির সাথে নিয়োগ প্রার্থীদের চেহারা মিলিয়ে তাদের ওয়েটিং স্পটে সমবেত করা হয়। সেখান থেকে পর্যায়ক্রমে মৌখিক পরীক্ষা কক্ষে প্রবেশ করতে দেয়া হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়োগ কমিটির সভাপতি পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ শহীদ আতাহার হোসেনসহ নিয়োগ কমিটির সদস্যগণ মৌখিক পরীক্ষা গ্রহণ করেন। পাশাপাশি অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি মহোদয় মৌখিক পরীক্ষার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। নিরাপত্তার সার্বিক দায়িত্বে ছিলেন পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি। এছাড়া পরীক্ষা গ্রহণের পুরো এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করা হয়। পাশাপাশি ভিডিও ক্যামেরা ও স্টিল ক্যামেরা দিয়ে মৌখিক পরীক্ষার বিভিন্ন পর্বের চলমান ও স্থির চিত্র ধারণ করা হয়।
স্বচ্ছ, সুন্দর, পরিচ্ছন্ন ও দুর্নীতিমুক্তভাবে নিয়োগের বাকি কার্যক্রমও সম্পন্ন করার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছে। কোনো ধরনের অনৈতিক লেনদেনে জড়িত না হওয়ার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।