
শিহাব উদ্দিন, নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে স্থানীয় এক বিএনপি নেতার রাজনৈতিক ভূমিকার প্রশংসা করতে ওসিকে কথা বলতে শোনা যায়। এ বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে।
ফেসবুকে ছড়িয়ে পড়া ৩৩ সেকেন্ডের ভিডিওতে ওসি মাহবুব আলমকে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুর রাজনৈতিক ভূমিকার প্রশংসা করতে শোনা যায়। বক্তব্যের একপর্যায়ে তিনি টিটুকে ‘সংগ্রামী নেতা’ হিসেবে উল্লেখ করেন।
ভিডিওতে ওসিকে আরও বলতে শোনা যায়, “মঞ্চে উপস্থিত আছেন স্বৈরাচারী সন্ত্রাসী এমপির বিরুদ্ধে কথা বলার ক্ষমতা যখন কারো ছিল না, তখন রাজপথে থেকে নেতৃত্ব দিয়ে যে এই ফতুল্লার মাটি ও মানুষের পাশে দাঁড়িয়েছেন, সেই সংগ্রামী নেতা।”
এরপর তিনি শহীদুল ইসলাম টিটুকে ফতুল্লা থানা কমিউনিটি পুলিশিংয়ের সম্মানিত সভাপতি হিসেবে উল্লেখ করে বলেন, “অচিরেই ঘোষণা আসবে।”
জানা গেছে, গত বৃহস্পতিবার ফতুল্লার পাগলা বাজার এলাকায় যানজট নিরসনের লক্ষ্যে গঠিত একটি কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম।
অনুষ্ঠানে ওসির বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন এ নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের কেউ কেউ একজন পুলিশ কর্মকর্তার বক্তব্যে রাজনৈতিক দলের নেতার প্রশংসা করা নিয়ে আপত্তি জানিয়েছেন।
তবে ছড়িয়ে পড়া ভিডিওটি পুরো অনুষ্ঠানের বক্তব্যের অংশ কি না, বক্তব্যের আগে বা পরে আরও কোনো বক্তব্য ছিল কি না—তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ কারণে বক্তব্যটির পূর্ণ প্রেক্ষাপট যাচাই করা প্রয়োজন।
এ বিষয়ে ওসি মোহাম্মদ মাহবুব আলমের বক্তব্য জানতে তাঁর সরকারি মুঠোফোন নম্বরে যোগাযোগ করা হয়। অপর প্রান্ত থেকে একজন জানান, “ওসি স্যার তো ছুটিতে আছেন। তাকে সোমবারে পাওয়া যাবে।”
ফলে প্রতিবেদনটি প্রকাশের সময় পর্যন্ত এ বিষয়ে ওসি মোহাম্মদ মাহবুব আলমের বক্তব্য পাওয়া যায়নি।