
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর চান্দলা এলাকায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। ফসলি জমি, কৃষি উৎপাদন ও পরিবেশের সুরক্ষায় অবৈধ ড্রেজার কার্যক্রম বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।
উত্তর চান্দলা এলাকার ফসলি জমিসংলগ্ন জলাশয়ে ড্রেজার বসিয়ে মাটি ও বালু উত্তোলনের প্রস্তুতি ও কার্যক্রমের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। সরেজমিনে ওই এলাকায় জলাশয়ে ভাসমান ড্রাম ও পাইপ সংযুক্ত করে ড্রেজার মেশিনের মাধ্যমে মাটি-বালু উত্তোলনের সরঞ্জাম স্থাপনের চিত্র দেখা যায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শন ও অভিযান পরিচালিত হয়।
এলাকাবাসীর দাবি, কৃষিজমি ও কৃষকের জীবিকা রক্ষায় ফসলি জমির আশপাশে অবৈধ ড্রেজার কার্যক্রম বন্ধ করতে হবে। পাশাপাশি মাটি ও বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে যাতে কেউ পুনরায় অবৈধভাবে ড্রেজার স্থাপন করতে না পারে, সে জন্য নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রাখতে হবে।
স্থানীয় সচেতন মহলের মতে, কৃষিজমি রক্ষা শুধু কৃষকের স্বার্থ নয়, এটি খাদ্য নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষারও গুরুত্বপূর্ণ বিষয়। তাই অবৈধ মাটি উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান যেন সাময়িক উদ্যোগে সীমাবদ্ধ না থাকে, বরং ধারাবাহিক ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে ফসলি জমি রক্ষায় ভূমিকা রাখে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।