
মোঃ আঃ কুদ্দুস,মনোহরদী,(নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ সংরক্ষণের দায়ে দুই বেসরকারি হাসপাতালকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে হাসপাতাল দুটিতে থাকা মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়েছে।
সোমবার দুপুরে মনোহরদী পৌর এলাকায় পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে পৌর এলাকার লাইফ কেয়ার হাসপাতাল ও রাজিব প্রাইভেট হাসপাতালে অভিযান চালানো হয়। এ সময় হাসপাতাল দুটির ফার্মেসি, অপারেশন থিয়েটার, প্যাথলজি বিভাগের যন্ত্রপাতি, রিএজেন্ট এবং সার্বিক পরিবেশ পরিদর্শন করা হয়।
অভিযানকালে লাইফ কেয়ার হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি হাসপাতালের ফার্মেসি থেকে জব্দ করা হয় সংশ্লিষ্ট ওষুধ। অন্যদিকে রাজিব প্রাইভেট হাসপাতালের ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সেখান থেকেও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়।
এ সময় হাসপাতাল কর্তৃপক্ষকে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, প্যাথলজি বিভাগের পরিবেশ আধুনিক ও স্বাস্থ্যসম্মত করা এবং ওষুধ সংরক্ষণে বিদ্যমান বিধিবিধান কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দেওয়া হয়। হাসপাতাল দুটির কর্তৃপক্ষ ভবিষ্যতে সেবার মান উন্নয়ন ও প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়নের আশ্বাস দেন।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নরসিংদী জেলা ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত্বাবধায়ক সিরাজুম মনিরা।
অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া বলেন, “জনস্বার্থে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিয়মিত তদারকি করা হচ্ছে। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
প্রশাসনের এ অভিযানে স্থানীয়দের মধ্যে সন্তোষ প্রকাশের পাশাপাশি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিয়মিত নজরদারি জোরদারের দাবি উঠেছে।