
রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় গভীর রাতে গোয়ালঘরের সিঁধ কেটে একটি মূল্যবান ষাঁড় গরু চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ অভিযুক্ত চোরকে গ্রেফতার করেছে। ১৪ জুলাই (মঙ্গলবার) রুহিয়া থানার বাঁশবাড়ী (পূর্ব কশালগাঁও) এলাকা থেকে আসামিকে গ্রেফতার করা হয়। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই রুহিয়া থানার বাঁশবাড়ী এলাকার মৃত আখিমুল ইসলাম ওরফে চান্দিয়ার ছেলে মোঃ মামুন ইসলামকে (৩৪) আসামি করে দণ্ডবিধি ১৮৬০-এর ৪৫৭/৩৮০ ধারায় একটি চুরি মামলা দায়ের করা হয়। মামলার বাদী একই এলাকার বাসিন্দা মোঃ দবিরুল ইসলাম (৩০)। মামলা নং-০৭/৫৭। বাদী দবিরুল ইসলাম এজাহারে উল্লেখ করেন, চুরি হওয়া গরুটি অত্যন্ত শৌখিনভাবে লালন-পালন করা একটি কালো রঙের ষাঁড়। ৩ বছর বয়সী মাঝারি গড়নের এই ষাঁড়টির শিং খাড়া এবং লেজটি লম্বা কালো ও সাদা রঙের মিশ্রণ। বর্তমান বাজারে যার আনুমানিক মূল্য প্রায় ৭৫,০০০ (পঁচাত্তর হাজার) টাকা। দবিরুল ইসলাম বলেন, ষাঁড়টি আমি অনেক কষ্ট করে লালন-পালন করছিলাম। আমার উপার্জনের একটা বড় অংশ এই গরুর পেছনে বিনিয়োগ করা ছিল। চোরচক্র রাতে আমার গোয়ালঘরের সিঁধ কেটে এটি নিয়ে যায়। আমি এর সুষ্ঠু বিচার চাই। চুরির বিষয়টি নিশ্চিত করে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বাদীর অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। এজাহার নামীয় অভিযুক্ত আসামি মোঃ মামুন ইসলামকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। চুরিকৃত ষাঁড় গরুটি উদ্ধার এবং এই চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের ধরতে পুলিশের একটি চৌকস দল অভিযান চালাচ্ছে। এলাকায় চোরচক্রের তৎপরতা বন্ধে পুলিশি টহল আরও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।