
মোঃ সোয়েল রানা, রুহিয়া ঠাকুরগাঁও প্রতিনিধি: ধান ও অন্যান্য সনাতনী ফসলের বাজারমূল্যের অনিশ্চয়তা দূর করতে বিকল্প হিসেবে লাভজনক সবজি চাষের দিকে দ্রুত ঝুঁকছেন রুহিয়া অঞ্চলের কৃষকেরা। কম সময়, সামান্য পুঁজি এবং স্থানীয় কৃষি বিভাগের কারিগরি সহায়তায় বাজারে সবজির চাহিদা বেশি থাকায় এ অঞ্চলের কৃষিতে এক নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হয়েছে। সরেজমিনে রুহিয়া অঞ্চলের বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, বিস্তৃত এলাকা জুড়ে শোভা পাচ্ছে লাউ, বেগুন, পটল, করোলা, শিম, টমেটো, ফুলকপি ও বাঁধাকপির মতো বিভিন্ন প্রজাতি। একসময় যেসব জমিতে কেবল একটি মাত্র ফসল হতো, সেখানে এখন বছরজুড়েই চলছে নানা ধরনের সবজির সমন্বিত আবাদ। স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা যায়, অন্যান্য দানাদার ফসলের তুলনায় সবজি বিক্রির অর্থ দ্রুত হাতে পাওয়া যায়। সফল কৃষক আহসাদুজ্জামান বলেন, আগে ধান চাষ করে খরচের টাকাই উঠতে চাইত না। কিন্তু গত দুই বছর ধরে বাণিজ্যিক ভিত্তিতে সবজি চাষ শুরু করার পর থেকে বেশ ভালো লাভের মুখ দেখছি। বিশেষ করে আগাম জাতের সবজি তুলতে পারলে প্রায় দ্বিগুণ দাম পাওয়া যায়। এ বছর প্রায় পাঁচ বিঘা জমিতে আগাম জাতের সবজি চাষ করেছি। এখন পর্যন্ত আড়াই লাখ টাকা খরচ হয়েছে। আরো এক থেকে দেড় লাখ টাকা খরচ হবে। আশা করছি সব মিলিয়ে ৮ থেকে ১০ লাখ টাকার সবজি বিক্রি করতে পারব। রাজাগাঁও ইউনিয়নের খড়িবাড়ি টাওয়ার মার্কেট এলাকার কৃষক আহসান হাবিব মাস্টার। তিনি বলেন, আমি এবার ১০০ শতক জমিতে করলা চাষ করেছি। এতে এখন পর্যন্ত আমার খরচ হয়েছে প্রায় দেড় লাখ টাকা। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও বেশ ভালো এবং বাজারমূল্য ভালো পেলে খরচের কয়েক গুণ লাভ থাকবে বলে আশা করছি। সবজি চাষে নিজেদের ভাগ্যের পরিবর্তনের কথা তুলে ধরে একই অঞ্চলের কৃষক মোকসেদুর আলম, ভোলানাথ মাস্টার, গুলজার ও নাসিরুল ইসলাম জানান, সঠিক পরিচর্যা ও সময়মতো বাজারজাত করতে পারলে সবজি চাষে লোকসানের ঝুঁকি একেবারেই কম। ধানের চেয়ে এতে পরিশ্রম কিছুটা বেশি হলেও অল্প সময়ে নগদ অর্থ ঘরে তোলা যায়। উৎপাদিত এসব সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে প্রতিনিয়ত সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। ভোর হতেই পাইকারি বাজারের আড়তগুলোতে জমে ওঠে কেনাবেচার ধুম।বেপারিরা জমি থেকেই সরাসরি টাটকা সবজি কিনে ট্রাকযোগে পৌঁছে দিচ্ছেন রাজধানীসহ বড় বড় শহরে। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কিছুটা কমায় স্বস্তিতে আছেন সাধারণ চাষিরা। উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলম জানান, ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লি অঞ্চলের ১৫শ থেকে ১৬শ হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। কম সময়ে বেশি লাভ পাওয়ায় কৃষকেরা দিনদিন এতে উৎসাহিত হচ্ছেন এবং কৃষি দপ্তর থেকে তাঁদের সব ধরণের কারিগরি সহায়তা ও পরামর্শ প্রদান করা হচ্ছে। তবে স্থানীয় চাষিদের মতে, রুহিয়া এলাকায় একটি স্থায়ী হিমাগার (কোলেস্টোরেজ) স্থাপন করা গেলে সবজি পচনের ঝুঁকি কমত। পাশাপাশি সহজ শর্তে কৃষি ঋণের সুযোগ নিশ্চিত করা হলে এই অঞ্চলে সবজি চাষে বিপ্লব ঘটবে এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।