1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সৌদি আরব মক্কার নওজায় কুয়েতির মসজিদের পাশে প্রবাসীদের আস্থার ঠিকানা ‘RAWALHEL HOSPITALITY RESTAURANT’ ভোলাহাট সরকারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্বে সফিকুল ইসলাম তোতা! বিদায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামাল উদ্দিন পত্নীতলায় বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ফায়ারডিল সিরাপসহ মোটরসাইকেল উদ্ধার দিনাজপুরে টিআরসি নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন কাঁঠালিয়ায় বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের ৫ লাখ টাকা জরিমানা কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস প্রতিকূলতা পেরিয়ে প্রতিশ্রুতি পূরণ: গ্রাহকদের হাতে সাফ কবলা দলিল হস্তান্তর করল ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট টেকনাফে দেড় লাখ ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৪ কোটি টাকা

১১ মাসের ব্যবধানে একই থানায় ফের ওসি সরোয়ার, ২২ দফা নীতিমালা নিয়ে প্রশ্ন

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৩৯ বার পঠিত

রহমত আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি:

লটারির মাধ্যমে বদলি হওয়ার প্রায় ১১ মাসের ব্যবধানে আবারও ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগ দিয়েছেন মো. সরোয়ার আলম খান।

পুলিশের ওসি পদায়নে জারি করা ২২ দফা নীতিমালায় একই থানায় কোনো কর্মকর্তাকে দ্বিতীয়বার ওসি হিসেবে পদায়ন না করার নির্দেশনা থাকলেও কীভাবে তিনি একই থানায় পুনরায় দায়িত্ব পেলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিষয়টি নিয়ে জেলা ও রেঞ্জ পুলিশের কর্মকর্তাদের বক্তব্যেও দেখা দিয়েছে অস্পষ্টতা। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাঁর পদায়ন হয়েছে বলে দাবি জেলা পুলিশের কর্মকর্তাদের। তবে রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ জানিয়েছেন, সরোয়ার আলম খানের পুনরায় যোগদানের বিষয়টি তাঁর জানা নেই।

এমনকি তিনি এখনো ঠাকুরগাঁও সদর থানার ওসি হিসেবে মো. শাহজাহান আলীর নাম উল্লেখ করেছেন।
জানা গেছে, ২০২৫ সালের এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে প্রথমবারের মতো ঠাকুরগাঁও সদর থানার ওসি হিসেবে যোগ দেন মো. সরোয়ার আলম খান।

প্রায় সাড়ে সাত মাস দায়িত্ব পালনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০২৫ সালের ২ ডিসেম্বর লটারির মাধ্যমে তাঁকে গাইবান্ধার পলাশবাড়ী থানায় বদলি করা হয়। পরে ৬ ডিসেম্বর সেখানে ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

সেখানে দায়িত্ব পালনের পর চলতি বছরের ১৪ নভেম্বর আবারও ঠাকুরগাঁও সদর থানার ওসি হিসেবে যোগ দেন সরোয়ার আলম খান। অর্থাৎ প্রায় ১১ মাসের ব্যবধানে একই থানায় দ্বিতীয়বারের মতো ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

ঠাকুরগাঁও জেলা পুলিশের সরকারি ওয়েবসাইটেও সরোয়ার আলম খানকে সদর থানার অফিসার ইনচার্জ হিসেবে দেখানো হয়েছে। সেখানে তাঁর সর্বশেষ যোগদানের তারিখ উল্লেখ রয়েছে ১৪ নভেম্বর ২০২৬।

অন্যদিকে, পুলিশ সদর দপ্তর ২০২৫ সালের ৩ জুলাই থানার ওসি পদায়নে ২২ দফা নীতিমালা জারি করে। ওই নীতিমালায় ওসি পদে পদায়নের যোগ্যতা, অযোগ্যতা, বদলি ও দায়িত্ব পালনের মেয়াদসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

নীতিমালার অন্যতম শর্তে বলা হয়েছে, কোনো কর্মকর্তা একবার ওসি হিসেবে দায়িত্ব পালন করলে তাঁকে একই থানায় দ্বিতীয়বার পদায়ন করা যাবে না। এ ছাড়া একজন কর্মকর্তা সর্বোচ্চ চারটি থানায় অথবা ছয় বছর ওসি হিসেবে দায়িত্ব পালনের পর আর ওসি পদে পদায়নের জন্য বিবেচিত হবেন না।

নীতিমালায় আরও বলা হয়েছে, ওসি হিসেবে দুই বছর দায়িত্ব পালনের পর অন্যত্র বদলি করা যাবে। তবে একই থানায় ধারাবাহিকভাবে সর্বোচ্চ তিন বছর দায়িত্ব পালনের সুযোগ রয়েছে। নির্ধারিত সময়ের আগে বদলির ক্ষেত্রেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রশাসনিক ক্ষমতা ও নির্দেশনা অনুসরণের বিষয় উল্লেখ রয়েছে।

এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) বন্ধু ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি মঈনুদ্দীন তালুকদার হিমেল বলেন, একটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যেহেতু ওসি সরোয়ার আলম খান আগে ঠাকুরগাঁও সদর থানায় দায়িত্ব পালন করেছেন, তাই তাঁকে একই থানায় দ্বিতীয়বার পদায়ন না করাই সমীচীন ছিল।

দেশে পুলিশের কর্মকর্তার কোনো সংকট নেই যে একজন কর্মকর্তাকে আগের কর্মস্থলেই আবার ফিরিয়ে আনতে হবে। একই থানায় দ্বিতীয়বার পদায়নের ক্ষেত্রে নীতিমালার বিষয়টি অবশ্যই বিবেচনায় নেওয়া উচিত ছিল। আমরা আশা করি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

পুনরায় একই থানায় যোগদানের বিষয়ে জানতে চাইলে সদর থানার ওসি মো. সরোয়ার আলম খান বলেন, ‘আমি এর আগে প্রায় সাত মাসের মতো দায়িত্ব পালন করে গেছি।’ তবে একই থানায় দ্বিতীয়বার যোগদানের কারণ জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি।

ঠাকুরগাঁও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আলমগীর রহমান বলেন, ‘নীতিমালা সম্পর্কে আমার জানা নেই। আমরা তো পদায়ন করিনি। ঊর্ধ্বতন কর্মকর্তারা ওপর থেকে নির্ধারণ করেছেন। ওপর থেকেই আদেশ হয়েছে।

এ বিষয়ে আমি কিছু বলতে পারছি না।’জেলা পুলিশ সুপার মো. বেলাল হোসেন ছুটিতে থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তাঁর পরিবর্তে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোদাদাদ হোসেন বলেন, ‘যাঁরা নীতিনির্ধারণী পর্যায়ে রয়েছেন, তাঁরাই এসব বিষয় দেখভাল করেন।

এ বিষয়ে স্যারই ভালো বলতে পারবেন। আমি কিছু বলতে পারব না।’এদিকে, ঠাকুরগাঁও সদর থানায় সরোয়ার আলম খানের পুনরায় যোগদানের বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন রংপুর রেঞ্জের ডিআইজি (উপমহাপরিদর্শক) মোহাম্মদ আবদুল মাবুদ।

মোবাইল ফোনে তিনি বলেন, ‘ওই থানার ওসি তো শাহজাহান আলী। সরোয়ার আলম খানের যোগদানের বিষয়টি আমার জানা নেই। আমি জানি না।’ পুলিশের ওসি পদায়নের ২২ দফা নীতিমালার বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান।

সব মিলিয়ে একই থানায় দ্বিতীয়বার ওসি হিসেবে সরোয়ার আলম খানের পদায়ন ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। বিশেষ করে পুলিশ সদর দপ্তরের জারি করা ২২ দফা নীতিমালার আলোকে তাঁর এই পদায়ন কতটা বিধিসম্মত, তা নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে।

বিষয়টি খতিয়ে দেখে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুস্পষ্ট ব্যাখ্যা ও প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানিয়েছেন সচেতন মহল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24