1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী

বুড়িচংয়ে স্ত্রীকে গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৩৩ বার পঠিত

মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা।।

কুমিল্লার বুড়িচং উপজেলায় পারিবারিক কলহের জেরে বটি দিয়ে স্ত্রীর গলা কেটে হত্যা করেছেন বলে মনে করে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন মোহাম্মদ কাজল (২৮) নামে এক যুবক। তবে ভাগ্যক্রমে তার স্ত্রী ইভা আক্তার বেঁচে যান। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) ভোররাতে উপজেলার জিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত কাজল বুড়িচং উপজেলার বলরামপুর গ্রামের মো. আব্দুল হান্নানের ছেলে। তিনি স্ত্রীকে নিয়ে জিয়াপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। ইভা আক্তার স্থানীয় একটি কারখানায় কর্মরত ছিলেন।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান জানান, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে কাজল থানায় এসে দাবি করেন, তিনি তার স্ত্রীর গলা কেটে হত্যা করেছেন। প্রায় একই সময়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ঘটনাটি জানিয়ে ফোন আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, ইভা আক্তার তখনও জীবিত, তবে তার গলায় গভীর ক্ষত রয়েছে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বাড়ির মালিক জহিরুল ইসলাম জানান, ভোররাতে কাজল এসে বলেন, তিনি তার স্ত্রীকে গলা কেটে হত্যা করেছেন। এ কথা বলেই তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। পরে পরিবারের সদস্যরা ঘরে ঢুকে রক্তাক্ত অবস্থায় ইভা আক্তারকে জীবিত দেখতে পান। সঙ্গে সঙ্গে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করা হয় এবং তাকে হাসপাতালে নেওয়া হয়।

আহত ইভা আক্তারের বড় বোন নিপা আক্তার অভিযোগ করেন, বিয়ের পর থেকেই কাজল যৌতুকের টাকার জন্য তার বোনকে নিয়মিত নির্যাতন করতেন। বিদেশে যাওয়ার কথা বলে শ্বশুরবাড়ি থেকে এক লাখ টাকা এনে দেওয়ার জন্য ঘটনার আগের দিনও ইভাকে মারধর করা হয়। টাকা দিতে না পারায় পরিকল্পিতভাবে তার বোনকে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন পরিবারের সদস্যরা।

বুড়িচং থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, অভিযুক্ত কাজল বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে মামলা গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। পাশাপাশি আহত গৃহবধূর শারীরিক অবস্থাও পর্যবেক্ষণ করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24