
আবু মুসা,
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে টেকনাফ থানাধীন কেরুনতলী সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সন্দেহজনক একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা, একটি মোবাইল ফোন এবং পাচারকাজে ব্যবহৃত সিএনজিসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।
আটক ব্যক্তি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।