
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠালগ্ন থেকে অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এসআরবি সৃষ্টিকাল থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ ডাকাত, ছিনতাইকারী, অপহরণকারী, প্রতারক ও হত্যাকান্ডের অপরাধে জড়িত অপরাধীদের গ্রেপ্তার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও সাম্প্রতিককালে চাঞ্চল্য সৃষ্টিকারী কয়েকজন শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে এসআরবি জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
মাদকদ্রব্য নির্মূলে ও মাদকের ভয়াল থাবা থেকে যুব সম্প্রদায়কে রক্ষা করতে এসআরবি-১১ বদ্ধ পরিকর এবং এ লক্ষ্যে এসআরবি-১১ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক নির্মূলের লক্ষ্যে এসআরবি-১১ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং বিভিন্ন সময়ে এসআরবি-১১ বিপুল পরিমানে মাদক উদ্ধার সহ মাদক ব্যবসার সাথে জড়িতদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় নিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১১, সিপিসি-৩, নোয়াখালী এর আভিযানিক দল ০৫ অক্টোবর ২০২৬ তারিখ অনুমান ১৫.৩০ ঘটিকার সময় নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানাধীন বজরা বাজারস্থ জনৈক ইয়াকুব আলীর তিনতলা বিশিষ্ট পাকা বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর পৌছালে এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনকভাবে একজন ব্যক্তি সুকৌশলে পালানোর চেষ্টা করলে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী হলো মোঃ নুরুল হক (৩৫), পিতা-মোঃ শাহ আলম, মাতা-মৃত আছিয়া খাতুন, সাং-রাজিবপুর, ০২নং ওয়ার্ড, ০৪নং ব্যারোয়া ইউপি, থানা-সোনাইমুড়ি, জেলা-নোয়াখালী।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে জানায়, সে একটি সংঘবদ্ধ মাদক চোরাচালন চক্রের সদস্য। গ্রেফতারকৃত আসামী কক্সবাজার সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্যের বড় আকারের চালান দীর্ঘদিন যাবত আইনশৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অভিনব কৌশলে সংগ্রহ করে নোয়াখালী জেলা সহ আশপাশ এলাকায় সরবরাহ এবং বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।