
আবু মুসা, কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের রামুতে বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। এ সময় খালেদা বেগম (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে মাদক কারবারে ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এসআরবি-১৫-এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মৌলভীরকাটা এলাকার কেচোবুনিয়াছড়ায় বিশেষ অভিযান পরিচালনা করে এসআরবি-১৫, সিপিএসসি, কক্সবাজারের একটি আভিযানিক দল।
অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন সন্দেহভাজন মাদক কারবারি পালানোর চেষ্টা করেন। এ সময় খালেদা বেগমকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আভিযানিক দলটি।
পরবর্তী সময়ে গ্রেপ্তার নারীর দেওয়া তথ্য ও দেখানো স্থান অনুযায়ী, ওই এলাকার জেবর মল্লিকের চাষের জমির পাশে বাঁশের সাঁকোসংলগ্ন একটি নালার পানির নিচে তল্লাশি চালানো হয়। সেখানে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক কারবারে ব্যবহারের অভিযোগে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার খালেদা বেগম রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের দক্ষিণ মৌলভীরকাটা এলাকার বাসিন্দা। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ ঘটনায় তাঁর দুই ছেলেসহ একাধিক সহযোগী পলাতক রয়েছেন। তাঁদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় কার্যক্রম চলছে।
উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা মোবাইল ফোনসহ গ্রেপ্তার নারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৫ জানায়, মাদকের বিস্তার রোধ, যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা এবং মাদক কারবারিদের অবৈধ কর্মকাণ্ড নির্মূলে তাদের গোয়েন্দা নজরদারি ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক, অধিনায়কের পক্ষে।