
রাজ্যস্তরে ৫৮ জনের মধ্যে নির্বাচিত মাত্র ১২ জনের দলে জায়গা পেল দশম শ্রেণির ছাত্রী
বাইজিদ মণ্ডল, মথুরাপুর,দক্ষিণ ২৪ পরগনা:
কঠোর পরিশ্রম ও অদম্য ইচ্ছাশক্তির জোরে সাফল্যের নজির গড়ল সুন্দরবনের কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের দশম শ্রেণির ছাত্রী অরিশা শেখ। স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের অধীনে রাজ্যস্তরের নেটবল প্রতিযোগিতায় কৃতিত্বের সঙ্গে পারফরম্যান্স করে জাতীয় স্তরে খেলার যোগ্যতা অর্জন করেছে সে।
গত ৯ ও ১০ অক্টোবর জেলা স্তরের প্রতিযোগিতায় সাফল্যের পর ১৬ ও ১৭ নভেম্বর মালদায় অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেয় অরিশা। সেখানে ৫৮ জন প্রতিযোগীর মধ্যে নির্বাচিত মাত্র ১২ জনের দলে জায়গা করে নেয় সে।
বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শুভময় করণ ও সচ্চিদানন্দ নাইয়ার তত্ত্বাবধানে নিয়মিত অনুশীলনই তার এই সাফল্যের অন্যতম ভিত্তি। এর আগেও বক্সিং ও অ্যাথলেটিক্সে রাজ্য ও জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নিয়েছে অরিশা। খেলাধুলার পাশাপাশি পড়াশোনাতেও সে মেধাবী। আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দেবে সে।
অরিশার বাবা পেশায় ভ্যানচালক। আর্থিক প্রতিকূলতা সত্ত্বেও নিজের স্বপ্নপূরণের লক্ষ্যে এগিয়ে চলেছে সে। বর্তমানে বিদ্যালয়ের ছাত্রীনিবাসে থেকে পড়াশোনা ও খেলাধুলা চালিয়ে যাচ্ছে।
তার এই সাফল্যে খুশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক-অভিভাবিকা ও এলাকাবাসী। প্রধান শিক্ষক চন্দন কুমার মাইতি জানান, অরিশার এই অর্জন শুধু বিদ্যালয়ের গর্ব নয়, সুন্দরবনের প্রত্যন্ত এলাকার অন্যান্য প্রতিভাবান শিক্ষার্থীদের কাছেও এক বড় অনুপ্রেরণা। আগামী দিনে তার স্বপ্নপূরণে বিদ্যালয় কর্তৃপক্ষ পাশে থাকার অঙ্গীকার করেছে।
অরিশার এই সাফল্যে নতুন করে স্বপ্ন দেখছে সুন্দরবনের ক্রীড়াপ্রেমী মানুষ।