
AI প্রযুক্তির অপব্যবহার করে মুফতি আমির হামজাকে জড়িয়ে মিথ্যা অডিও প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ।
সম্প্রতি সংসদ সদস্য মুফতি আমির হামজা হুজুরকে জড়িয়ে নারীঘটিত বিষয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির মাধ্যমে তৈরি কথিত অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার বিষয়টি আমাদের নজরে এসেছে। এ ধরনের ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার অত্যন্ত উদ্বেগজনক এবং নিন্দনীয়।
আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে একটি মহল সম্মানিত ব্যক্তিদের চরিত্রহনন, সামাজিক মর্যাদা ক্ষুণ্ন এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। অতীতেও এ ধরনের অপপ্রচার ও প্রযুক্তির অপব্যবহারের শিকার হয়েছেন প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব, কুরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)। ইতিহাসের এসব ঘটনা আমাদের আবারও স্মরণ করিয়ে দেয়, প্রযুক্তির অপব্যবহার কতটা ভয়াবহ সামাজিক ও ব্যক্তিগত ক্ষতির কারণ হতে পারে।
আমরা স্পষ্টভাবে বলতে চাই, কোনো অডিও বা ভিডিও কেবল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেই তা সত্য হয়ে যায় না। বিশেষ করে AI প্রযুক্তির এই সময়ে যাচাই-বাছাই ছাড়া কোনো বক্তব্য বা অডিওকে সত্য হিসেবে গ্রহণ কিংবা প্রচার করা দায়িত্বশীল আচরণ হতে পারে না।
তাই সংশ্লিষ্ট সকলের প্রতি আমাদের আহ্বান—কোনো ধরনের যাচাই ছাড়া এসব কথিত অডিও-ভিডিও প্রচার, শেয়ার কিংবা এগুলোকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকুন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি, বিষয়টি যথাযথভাবে তদন্ত করে অপপ্রচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করুন এবং প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।
মতপ্রকাশের স্বাধীনতার অর্থ কারও সম্মানহানি করা নয়। প্রযুক্তির ব্যবহার হোক সত্য ও কল্যাণের পথে, মিথ্যা ও অপপ্রচারের হাতিয়ার হিসেবে নয়।
আমরা এ ধরনের ঘৃণ্য অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সত্য উদ্ঘাটনে সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করছি।