
আয়শা সিদ্দিকা বুলু, কচুয়া (বাগেরহাট):
বাগেরহাটের কচুয়া উপজেলায় ৮৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কচুয়া থানা পুলিশ। বুধবার রাতে উপজেলার লড়ারহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—কচুয়া উপজেলার মাদারতলা গ্রামের গোলাম পরোয়ার বাবু ও আল আমিন শেখ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে লড়ারহাট এলাকায় অভিযান চালায় কচুয়া থানা পুলিশ। এ সময় মাদক সেবনরত অবস্থায় ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে ৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের জিজ্ঞাসাবাদে তারা মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন জানান, ইয়াবাসহ আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।