
এ. কে. পলাশ, কুমিল্লা প্রতিনিধি।।
পাসপোর্টে জন্মভূমির নাম বাংলাদেশ। কিন্তু এই দেশের কোথায় জন্ম, কার গর্ভে পৃথিবীতে এসেছেন, কে তাঁর জন্মদাতা বাবা—কিছুই জানা নেই। জীবনের শুরুতেই দত্তক হয়ে পাড়ি জমিয়েছিলেন ইউরোপের দেশ নেদারল্যান্ডসে। সেখানেই বেড়ে ওঠা, গড়ে উঠেছে পরিবার ও কর্মজীবন। তবু মনের গভীরে রয়ে গেছে এক অপূর্ণতা—নিজের শেকড়ের সন্ধান। সেই টানেই বারবার বাংলাদেশে ছুটে আসছেন রাজিব উদ্দিন ও সেলিনা গোমেজ।
পরিবারের সন্ধান করতে গিয়ে ২০১৭ সালে পরিচয় হয় তাঁদের। দুজনের জীবনের গল্পে খুঁজে পান বিস্ময়কর মিল। এরপর থেকে একে অপরের সহযোগী হয়ে চালিয়ে যাচ্ছেন জন্মদাতা মা-বাবার খোঁজ। এবার তাঁদের দীর্ঘ অনুসন্ধানে দেখা দিয়েছে নতুন সম্ভাবনা। সেলিনা গোমেজকে দেখে কক্সবাজারের চকরিয়ার আবু সৈয়দের ধারণা, ৪৫ বছর আগে হারিয়ে যাওয়া তাঁর বোন হতে পারেন সেলিনা। বিষয়টি নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।
অন্যদিকে, পাসপোর্টে থাকা জন্মপরিচয় ও ঠিকানার সূত্র ধরে নিজের জন্মদাতা মা-বাবাকে খুঁজতে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় ঘুরছেন রাজিব উদ্দিন।
রাজিবের পাসপোর্টের তথ্য অনুযায়ী, ১৯৭৭ সালে তাঁর জন্ম। সেখানে বাবার নাম গিয়াস উদ্দিন, মায়ের নাম মরিয়ম বিবি এবং দাদার নাম রহিম উদ্দিন উল্লেখ রয়েছে। ঠিকানা দেওয়া হয়েছে কুমিল্লা জেলার নবীগঞ্জ থানার পেয়ারাকান্দি গ্রাম। অস্থায়ী ঠিকানা হিসেবে রয়েছে ঢাকার বেবী হোমস।
১৯৮০ সালে একটি এনজিওর মাধ্যমে আনুমানিক আড়াই বছর বয়সে তাঁকে দত্তক নিয়ে নেদারল্যান্ডসে পাঠানো হয়। সেখানেই কেটেছে তাঁর শৈশব ও বেড়ে ওঠার সময়। বর্তমানে পেশায় সমাজকর্মী রাজিব ২০১৫ সাল থেকে ছয় দফায় বাংলাদেশে এসেছেন। কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় খুঁজেছেন নিজের জন্মদাতা মা-বাবাকে।
নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে রাজিব বলেন, “আমি পুরো জীবন নেদারল্যান্ডসে কাটালেও সেখানে আমি বিদেশি। আমি বাংলাদেশে এসেছি আমার মা-বাবাকে খুঁজতে। নেদারল্যান্ডসে আমার সবকিছু আছে, আমি সেখানে খুব ভালো আছি। কিন্তু আমার খুব ফাঁকা লাগে—যখন আমি আয়নার সামনে দাঁড়িয়ে জানতে চাই, আমি আসলে কার মতো হয়েছি—বাবার মতো, নাকি মায়ের মতো।”
রাজিবের জন্মপরিচয় অনুসন্ধানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে পাসপোর্টে উল্লেখ করা ঠিকানা। পেয়ারাকান্দি গ্রামটি একসময় বৃহত্তর কুমিল্লার অংশ থাকলেও ১৯৮৬ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলা গঠনের পর এলাকাটি ব্রাহ্মণবাড়িয়ার অন্তর্ভুক্ত হয়। ফলে ঠিকানার সূত্র ধরে কখনো কুমিল্লা, আবার কখনো ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিভিন্ন এলাকায় খোঁজ করতে হচ্ছে তাঁকে।
এর আগে একটি গ্রামে গিয়ে এক ব্যক্তিকে নিজের বাবা বলে ধারণা করেছিলেন রাজিব। তবে পরবর্তী সময়ে ডিএনএ পরীক্ষায় ওই ব্যক্তির সঙ্গে তাঁর কোনো জৈবিক সম্পর্ক পাওয়া যায়নি। এতে নতুন করে অনিশ্চয়তায় পড়েন তিনি। তবু থেমে থাকেননি; চালিয়ে যাচ্ছেন নিজের শেকড়ের সন্ধান।
সর্বশেষ পাসপোর্টে থাকা ঠিকানার সূত্র ধরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে যান রাজিব। সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুনের সঙ্গে দেখা করে জন্মপরিচয় শনাক্তে প্রশাসনের সহযোগিতা চান।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, “আমরা রাজিব উদ্দিনের কাগজপত্র দেখেছি। ঠিকানা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের একটি গ্রাম দেখা যাচ্ছে। আমি সেখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি।”
তিনি আরও বলেন, “যদি ওই ঠিকানায় রাজিব উদ্দিনের বাবার বাড়ি হয়ে থাকে, তাহলে তাঁরা সেখানে গিয়ে খোঁজ করতে পারবেন। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের সহযোগিতা করবে।”
এদিকে, রাজিবের সঙ্গে বাংলাদেশে এসেছেন তাঁর বন্ধু সেলিনা গোমেজ। নিজের জন্মদাতা মা-বাবার সন্ধানে এ নিয়ে তিনবার বাংলাদেশে এসেছেন তিনি। পাসপোর্টে পরিবারের ঠিকানা কক্সবাজার উল্লেখ থাকায় সেখানেও খোঁজ করেছেন। এবার বন্ধু রাজিবের সঙ্গে অবস্থান করছেন কুমিল্লায়।
পেশায় গায়িকা সেলিনা বলেন, “আমি নেদারল্যান্ডসে বিদেশির মতোই থাকি। সেখানে আমাকে লালন-পালনকারীরা আছেন। তারপরও আমি জানতে চাই—আমার আসল বাবা-মা কে? আমি বা রাজিব, যে-ই খুঁজে পাই না কেন, এটা হবে আমাদের সার্থকতা।”
রাজিব ও সেলিনার এই অনুসন্ধানে গাইড হিসেবে সহযোগিতা করছেন নর্দান বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. ওমর। তিনি বলেন, “সেলিনা ও রাজিব তাঁদের পরিবারকে নানাভাবে খুঁজছেন। আমরা তাঁদের পাসপোর্টের ঠিকানা অনুযায়ী স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি। তাঁরা তাঁদের বাবা-মাকে খুঁজে পেলে আমাদেরও খুশি লাগবে।”
জীবনের দীর্ঘ সময় কেটেছে ভিনদেশে, পেয়েছেন নতুন পরিচয়, পেয়েছেন ভালোবাসা ও নিরাপদ আশ্রয়। তবু জন্মদাতা মা-বাবার পরিচয় জানার আকাঙ্ক্ষা তাঁদের পিছু ছাড়েনি। তাই বয়স, দূরত্ব আর বারবার ব্যর্থতার বাধা পেরিয়ে এখনো চলছে শেকড়ের সন্ধান। রাজিব ও সেলিনার প্রত্যাশা, একদিন হয়তো খুঁজে পাবেন সেই মানুষগুলোকে, যাঁদের পরিচয় জানার অপেক্ষায় কেটে গেছে জীবনের এতগুলো বছর।