
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন নিশ্চিত করতে কুমিল্লা জেলায় সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে জেলা পুলিশ। পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার, নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিত কার্যক্রমের মাধ্যমে উৎসবের পরিবেশ সুরক্ষিত রাখতে কাজ করেন পুলিশ সদস্যরা।
পূজা উদযাপনকালে জেলার বিভিন্ন পূজামণ্ডপ ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়। পাশাপাশি নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং প্রয়োজনীয় আইনশৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমেও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করে জেলা পুলিশ।
নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ ও পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি তদারকির জন্য কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁরা নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পুলিশ সুপারের নির্দেশনায় জেলা পুলিশের সদস্যরা পেশাদারত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। পূজারী, দর্শনার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং উৎসবের আনন্দ নির্বিঘ্ন রাখতে নেওয়া হয় বিভিন্ন পদক্ষেপ।
জেলা পুলিশ জানায়, সকল ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখতে পুলিশ সব সময় সচেষ্ট। ধর্মীয় উৎসবসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করায় পূজা উদযাপন কমিটি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, স্বেচ্ছাসেবক ও সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে জেলা পুলিশ।