
মোঃ শিহাব উদ্দিন, ভ্রাম্যমাণ প্রতিনিধি, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবদল নেতা রিপন মিয়া (৪৫) হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তাঁর স্বজন ও স্থানীয় বাসিন্দারা। কর্মসূচি থেকে ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার ভোলাব ইউনিয়নের পাইসকা বালুরঘাট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন নিহত রিপন মিয়ার স্ত্রী শিল্পী বেগম, ছেলে শাওন ও শাহিন, ছোট বোন মনিরা বেগম, ভোলাব ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক কাজী রাজনসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা অভিযোগ করেন, একটি সংঘবদ্ধ দল ধারালো দেশীয় অস্ত্র নিয়ে রিপন মিয়ার ওপর হামলা চালায়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা। একই সঙ্গে দোষীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার দাবিও জানান বক্তারা।
তাঁরা আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে পরবর্তী সময়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (১৯ অক্টোবর) রাত ১১টার দিকে ভোলাব ইউনিয়নের পাইসকা গ্রামে রিপন মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়। ওয়াজ মাহফিলের আয়োজক কমিটিতে নাম অন্তর্ভুক্ত করা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় নিহতের ছেলে শাওন ইফাত রূপগঞ্জ থানায় নয়জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেছেন। মামলার অভিযোগ ও তদন্তের বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া গেলে তা সংযুক্ত করা যাবে।