
শেখ নাসির উদ্দীন, খুলনাঃ খুলনার রূপসা উপজেলার আঠারোবাঁকী নদী থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) দুপুরে রুপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের মোছাব্বরপুর গ্রামের (সিংহের চর এলাকা) একটি কলাবাগানের পাশের চর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন— রূপসা উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে মেহেদি হাসান সোহাগ (৩৮) এবং সিংহের চর এলাকার আল আমিন হোসেন (৩৪)।
থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম বলেন, বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুপুর দেড়টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে।
রুপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুম খান নদী থেকে দুই জনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।