
মোঃ মাহাবুল ইসলাম অভি গাজীপুর
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আশিক সাঈদ।
রবিবার (৮ নভেম্বর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে তিনি নতুন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় পুলিশের একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। পরে জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান।
দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ জিএমপির সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে গাজীপুর মহানগর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার এবং জনসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, উপপুলিশ কমিশনারসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নতুন কমিশনারের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে গাজীপুর মহানগর পুলিশের প্রশাসনিক কার্যক্রমে নতুন নেতৃত্বের সূচনা হলো।