1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

ডেঙ্গু প্রতিরোধে জমা পানি পেলে জরিমানা, শুরু হচ্ছে মোবাইল কোর্ট: স্বাস্থ্যমন্ত্রী

  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৫৬ বার পঠিত

ডেক্স রিপোর্ট
ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযানে সরকারি প্রতিষ্ঠানে জমা পানি পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তাকে এবং বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিষ্ঠানকে জরিমানা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, আগামী দুই-তিন দিনের মধ্যে মোবাইল কোর্ট কার্যক্রম শুরু হবে।

শনিবার (৬ জুন) সকালে রাজধানীর ধানমন্ডি লেক সংলগ্ন রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন ও জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে রাজধানীর বিভিন্ন এলাকায় মাইকিং করা হবে এবং মোবাইল টিম বাসাবাড়ি পরিদর্শন করবে। কোনো বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস বা অন্য স্থাপনায় জমা পানি বা এডিস মশার লার্ভা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক জরিমানা করা হবে। পরিদর্শন দলের সদস্যদের বাসায় প্রবেশে বাধা দেওয়া হলে আইন প্রয়োগ করা হবে বলেও সতর্ক করেন তিনি।

সরদার সাখাওয়াত হোসেন বলেন, বৃহত্তর জনস্বার্থে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে নিজ নিজ প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিতে হবে। কোথাও অবহেলার প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান। নারিকেলের খোসা, ফুলের টব, ছাদের বাগান, অব্যবহৃত টয়লেট, ড্রেন বা যেকোনো পাত্রে পানি জমতে না দেওয়ার পরামর্শ দেন। কারণ জমে থাকা পানিতেই এডিস মশার লার্ভা জন্ম নেয়।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডের মধ্যে প্রায় ৬০ শতাংশ এলাকায় ডেঙ্গু মশার লার্ভা পাওয়া গেছে, যা উদ্বেগজনক। এসব লার্ভা পূর্ণাঙ্গ মশায় পরিণত হলে সংক্রমণের ঝুঁকি বাড়বে।

তিনি বলেন, ডেঙ্গু একটি প্রাণঘাতী রোগ। এর কিছু ধরন গুরুতর জটিলতা ও রক্তক্ষরণ ঘটাতে পারে, এমনকি মৃত্যু হতে পারে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। ডেঙ্গু প্রতিরোধে গণমাধ্যমের সক্রিয় ভূমিকারও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী আয়োজন শেষে জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24