
টেকনাফ কক্সবাজার প্রতিনিধি: আবু মুসা
চোরাচালান রোধে কক্সবাজারের কুতুবদিয়ায় অভিযান চালিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (১৭ আগস্ট ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, গত ১৬ আগস্ট দুপুর ১২টার দিকে কক্সবাজারের কুতুবদিয়া থানাধীন দক্ষিণ কুতুবদিয়া চ্যানেলে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন কুতুবদিয়া একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ওই এলাকায় একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ১ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা মূল্যের ২৫০ বস্তা সিমেন্ট ও ৬০ বস্তা সার উদ্ধার করা হয়। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত ফিশিং বোটটিও জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত মালামাল ও পাচারকাজে ব্যবহৃত বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।