
মোঃ রাসেল শেখ, জেলা প্রতিনিধি নড়াইল
খুলনার দিঘলিয়া উপজেলার আমবাড়ীয়া এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন।
শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের বাসিন্দা।
নিহতরা হলেন—
ফারজানা (২২) — শেখ শিহাবের স্ত্রী।
রুবিয়া (২০) — শেখ শিহাবের শ্যালিকা।
২২ মাস বয়সী কন্যাশিশু — শেখ শিহাব ও ফারজানার মেয়ে।
দুর্ঘটনায় মোটরসাইকেলচালক শেখ শিহাব অক্ষত অবস্থায় বেঁচে যান।
পুলিশ সূত্রে জানা গেছে, খুলনা থেকে মোটরসাইকেলে পরিবার নিয়ে নড়াইলের কালিয়া উপজেলার উদ্দেশ্যে রওনা হন শেখ শিহাব। পথে দিঘলিয়া উপজেলার আমবাড়ীয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই নারী ও শিশুটি নিহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।