
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী বিশেষ অভিযানে এক রাতে ৩৫১ জনকে আটক করেছে জেলা পুলিশ। গত ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ধারাবাহিক অভিযানে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ৫ হাজার ২৪৬ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ৩ হাজার ১৫১ জনকে মুচলেকায় অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ২ হাজার ৯৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা (ডিবি) পুলিশ এ অভিযানে অংশ নেয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অভিযানে উপস্থিত ছিলেন।
অভিযানকালে কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকার অপরাধপ্রবণ স্থান এবং কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে—এমন এলাকাগুলোতে তল্লাশি চালানো হয়। এতে মোট ৩৫১ জনকে আটক করা হয়। পরে তাঁদের অপরাধে সম্পৃক্ততার বিষয়ে যাচাই-বাছাই করে ১৩২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপর ২১৯ জনকে মুচলেকায় অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।
জেলা পুলিশ জানায়, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া থেকে বিরত রাখা এবং মাদক ব্যবসা, কিশোর গ্যাং ও ছিনতাই নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত এ অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে অভিযানের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে।
কিশোর অপরাধ প্রতিরোধ ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কুমিল্লা জেলা পুলিশ।