
জেলা প্রতিনিধি; নওগাঁ:
নওগাঁর পোরশা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি ইটভাটাকে মোট ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৪ নভেম্বর ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পশ্চিম রঘুনাথপুর এলাকায় অবস্থিত মেসার্স এনএসবি ব্রিকস এবং নিতপুর এলাকায় অবস্থিত মেসার্স কেইবিসি ব্রিকসের পুনর্নির্মাণ ও সংস্কারকাজ যথাযথ কাগজপত্র ছাড়াই চালু রাখার অভিযোগে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়। পরে মোট ৪ লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
এ ছাড়া প্রয়োজনীয় কাগজপত্র দাখিল না করা পর্যন্ত ইটভাটা দুটির পুনর্নির্মাণ ও সংস্কারকাজ বন্ধ রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। এ সময় নওগাঁ ব্যাটালিয়ন আনসারের একটি চৌকস দল মোবাইল কোর্টের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।
পরিবেশ সুরক্ষা এবং অবৈধ ইটভাটার কার্যক্রম নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়।