
নিজস্ব সংবাদদাতা আয়েশা সিদ্দিকা বুলু
কচুয়া (বাগেরহাট)।
বাগেরহাটের কচুয়ায় ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে ধারণ করে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে এই দিবসটি পালিত হয়।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি কচুয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আমির সালমান রনির সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা রাবিন্দ্র নাথ মন্ডল, প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির শিক্ষক মো: রফিকুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা কাজী আনোয়ারুল ইসলাম এবং কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস। এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমবায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং একটি স্বনির্ভর বাংলাদেশ গঠনে সমবায়ের বহুমুখী গুরুত্ব ও ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি দেশের সার্বিক উন্নয়নে সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করার ওপর বিশেষ জোর দেওয়া হয়।