
লুৎফুর রহমান সুনামগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সেবা সংস্থা ‘মাদীনাতুল খাইরী আল-ইসলামী’-এর চেয়ারম্যান শায়খ মাওলানা ফয়েজ আহমদ (হাফিজাহুল্লাহ)-এর সুনামগঞ্জের দিরাই আগমন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টায় দিরাই পৌর শহরের জমজম রেস্টুরেন্টের হলরুমে বাংলাদেশ খেলাফত মজলিস দিরাই উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়খ মাওলানা ফয়েজ আহমদ (হাফিজাহুল্লাহ), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা নুরুদ্দীন আহমদ, মাওলানা আব্দুল খালিক, মাওলানা সাইফুর রহমান সাজওয়ার সহ দিরাই উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ।
এ সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে সংগঠনের চলমান কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি মজবুত করা এবং দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য স্থানীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। পাশাপাশি তিনি আন্তর্জাতিক সেবা সংস্থা ‘মাদীনাতুল খাইরী আল-ইসলামী’-এর মাধ্যমে পরিচালিত বিভিন্ন মানবিক ও সেবামূলক কর্মকাণ্ডের দিকনির্দেশনা তুলে ধরেন।
সভায় দিরাই উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ স্থানীয় সাংগঠনিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে কেন্দ্রীয় নেতাকে অবহিত করেন। পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।