
মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):
চট্টগ্রামের রাউজান উপজেলার দক্ষিণ রাউজানের নোয়াপাড়ায় কল্পতরু সংঘের উদ্যোগে পাঁচ দিনব্যাপী ২০ তম শ্রীশ্রী কৃষ্ণের রাস মহোৎসবের আয়োজন করা হয়েছে।
২২ নভেম্বর থেকে ২৬ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নোয়াপাড়া কল্পতরু রাস মন্দির প্রাঙ্গণে এ মহোৎসব অনুষ্ঠিত হবে। এবারের মহোৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে সনাতনী ধর্মীয় ব্যান্ড ‘প্রণাম’।
২২ নভেম্বর মহোৎসবের শুভ সূচনা উপলক্ষে মঙ্গল প্রদীপ প্রজ্বালন, ঊষা কীর্তন, শ্রীশ্রী মা মগধেশ্বরী মন্দিরে রাজভোগ নিবেদনসহ বিভিন্ন ধর্মীয় ও মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানমালায় আরও রয়েছে গীতি আলেখ্য ‘নব চেতনা’, কল্পতরু সাংস্কৃতিক ফোরাম, টেলিভিশন, বেতার ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন কল্পতরু রাস মহোৎসবের সাংস্কৃতিক সম্পাদক আকাশ নন্দী।
মহোৎসবের অন্যতম ধর্মীয় আয়োজন শুভ অধিবাস কীর্তন পরিবেশন করবেন আশা লতা কলেজের অধ্যাপক রাজীব বিশ্বাস। শুভ অধিবাস কীর্তনে পৌরহিত্য করবেন পটিয়ার হাইদগাঁও রাধা মদনমোহন মন্দিরের সেবায়েত বৈষ্ণবপ্রবর শ্রী বাবলা চক্রবর্তী। সহকারী পৌরহিত্যের দায়িত্ব পালন করবেন নোয়াপাড়া কল্পতরু রাস মন্দিরের সেবায়েত বৈষ্ণবপ্রবর শ্রী সুমন ভট্টাচার্য।
এ ছাড়া মহোৎসব উপলক্ষে শ্রীশ্রী রাধাগোবিন্দের রাজভোগ নিবেদন এবং ভক্ত-অনুরাগীদের জন্য দিবা-রাত্রি মহাপ্রসাদ ও অন্নপ্রসাদের ব্যবস্থা রাখা হয়েছে।
শ্রীকৃষ্ণের রাসলীলা ও রাস উৎসবের তাৎপর্য হিন্দুধর্মীয় শাস্ত্র ও বৈষ্ণবীয় দর্শন অনুসারে, শ্রীকৃষ্ণের রাসলীলা হলো ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে ব্রজধামের গোপীদের এক অপার্থিব, আধ্যাত্মিক ও ভক্তিমূলক লীলাবিলাস। শ্রীমদ্ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধে রাসলীলার বিস্তারিত বর্ণনা রয়েছে।
পুরাণের বর্ণনা অনুযায়ী, বৃন্দাবনের শরৎপূর্ণিমার পবিত্র রাতে শ্রীকৃষ্ণের মোহনীয় বাঁশির সুরে আকৃষ্ট হয়ে গোপীরা যমুনাতীরে সমবেত হন। সেখানে শ্রীকৃষ্ণ তাঁদের সঙ্গে যে দিব্য নৃত্য ও লীলায় মেতে ওঠেন, তা রাসলীলা নামে পরিচিত। এই লীলা কেবল আনন্দ ও নৃত্যের প্রকাশ নয়; বরং ভগবানের প্রতি আত্মার নিঃস্বার্থ প্রেম, পরম ভক্তি, আত্মসমর্পণ ও ঈশ্বরের সঙ্গে জীবাত্মার আধ্যাত্মিক মিলনের প্রতীক।
রাস উৎসবের মূল শিক্ষা হলো প্রেম, ভক্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের চেতনা জাগ্রত করা। শ্রীকৃষ্ণের রাসলীলার মধ্য দিয়ে ভক্তরা পরমেশ্বরের প্রতি একনিষ্ঠ প্রেম ও ভক্তির মহিমা উপলব্ধি করেন।
আয়োজকদের প্রত্যাশা, ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তিমূলক সংগীত, কীর্তন ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে এবারের ২০ তম শ্রীশ্রী কৃষ্ণের রাস মহোৎসব সর্বস্তরের ভক্ত, দর্শনার্থী ও সনাতন ধর্মাবলম্বীদের মিলনমেলায় পরিণত হবে।