
বাইজিদ মন্ডল দক্ষিণ ২৪ পরগণা:
দক্ষিণ ২৪ পরগণা জেলার বিষ্ণুপুর থানার অন্তর্গত আমতলায় শ্রমিক সংগঠন এ আই ইউ টি ইউ সি-র ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সম্পাদক বিজন হাজরার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে বিজেপি-আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় বিজন হাজরা-সহ উপস্থিত ছাত্রছাত্রীরা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ছাত্র সংগঠন এ আই ডি এস ও-র রাজ্য সম্মেলন উপলক্ষে সংগঠনের কর্মীরা আমতলা এলাকায় প্রচার ও অর্থসংগ্রহের কাজ করছিলেন। সেই সময় একদল দুষ্কৃতী তাঁদের উপর চড়াও হয়। তাঁদের মারধর করার পাশাপাশি আটকে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে।
এরপর আক্রান্ত ছাত্রকর্মীরা এ আই ইউ টি ইউ সি-র ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সম্পাদক বিজন হাজরার বাড়িতে যান। অভিযোগ, সেই সময় বিজেপির একদল দুষ্কৃতী বিজন হাজরার বাড়িতে হামলা চালায়। বাড়িতে উপস্থিত বিজন হাজরা-সহ ছাত্রছাত্রীদের বেধড়ক মারধর করা হয়। তাঁদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন কেড়ে নেওয়ারও অভিযোগ উঠেছে।
অভিযোগ, বিজন হাজরাকে মারধর করতে করতে বাড়ি থেকে রাস্তার উপর নিয়ে যাওয়া হয় এবং পরে একটি দোকানে আটকে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এদিকে, থানার বাইরে দুষ্কৃতীদের জমায়েত হওয়া এবং পুনরায় হামলার পরিকল্পনা করার অভিযোগও উঠেছে। অন্যদিকে, বিজেপির পক্ষ থেকেও থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে আমতলা এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং আক্রান্তদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি উঠেছে।