
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার বিবিরবাজার সীমান্তের ওপারে ভারতের অংশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কয়েকজন শীর্ষস্থানীয় নেতা অবস্থান করছেন—এমন খবর ছড়িয়ে পড়ার পর সীমান্তে বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেলে বিবিরবাজার স্থলবন্দর এলাকায় এ বিক্ষোভ মিছিল করেন তারা।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম জানান, গতকাল আগরতলা সীমান্ত দিয়ে আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক ও বাহাউদ্দিন নাছিম পরিদর্শনে এসেছেন বলে তারা জানতে পেরেছেন। আজ তারা বিবিরবাজার সীমান্ত দিয়ে বাংলাদেশে অংশ পরিদর্শন করতে পারেন—এমন খবর ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মীরা সেখানে জড়ো হয়ে বিক্ষোভ করেন।
তিনি বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতারা যেন কোনোভাবেই সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে না পারেন, সে বিষয়ে নেতাকর্মীরা সতর্ক রয়েছেন। ডিসেম্বর মাসজুড়ে বিবিরবাজার সীমান্ত এলাকায় অবস্থান কর্মসূচি পালনের কথাও জানান তিনি।