
মোঃ ইমরান মুন্সি
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা কেন্দ্রিক বিরোধ ও ক্ষোভের অবসান ঘটেছে। উপজেলা প্রশাসন ও স্থানীয় বিশিষ্টজনদের মধ্যস্থতায় বিষয়টির সুষ্ঠু সমাধান শেষে পুনরায় অনুষ্ঠিত খেলাধুলার মধ্য দিয়ে আনন্দের আবহে প্রতিযোগিতা শেষ হয়েছে। এতে কাঁঠালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে পূর্ব পাটিখালঘাটা মমিন উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছে।
এর আগে ৭ সেপ্টেম্বর কাবাডি ও হ্যান্ডবল খেলায় প্রতিপক্ষের হামলা ও অশোভন আচরণের অভিযোগ এনে বিচারের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত আবেদন জানান পূর্ব পাটিখালঘাটা মমিন উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ভুক্তভোগী শিক্ষার্থীরা। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে কাঠালিয়া উপজেলা প্রশাসন।
পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মকবুল হোসেনের প্রত্যক্ষ উদ্যোগে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের উপস্থিতিতে উভয় স্কুলের বিরোধের একটি সুনির্দিষ্ট ও শান্তিপূর্ণ মীমাংসা করা হয়।
মীমাংসার পর পুনর্অনুষ্ঠিত চূড়ান্ত খেলায় পূর্ব পাটিখালঘাটা মমিন উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় ৩০ পয়েন্ট এবং কাঁঠালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয় ২৭ পয়েন্ট অর্জন করে। ফলে পূর্ব পাটিখালঘাটা মমিন উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়কে আনুষ্ঠানিকভাবে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মকবুল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। উপজেলা প্রশাসন, শিক্ষক ও স্থানীয় সুধীজনের এই সময়োপযোগী হস্তক্ষেপে ক্ষোভ কাটিয়ে ইতিবাচক পরিবেশে প্রতিযোগিতা সম্পন্ন হওয়ায় অভিভাবক ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।