
পঞ্চগড়ে মাদক বিরোধী অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দুটি মোবাইল ফোনসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ-
স্টাফ রিপোর্টার: কবির মোঃ সামসুল আলম ফাইটার।।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬ টার দিকে পঞ্চগড় সদর উপজেলার পঞ্চগড় রেলওয়ে স্টেশনের প্রধান ফটকের পাশে মামা-ভাগিনা হোটেল সংলগ্ন পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন পঞ্চগড় পৌর শহরের পুরাতন ক্যাম্প ঈদগাহ মাঠসংলগ্ন এলাকার জালালের ছেলে মো: বিপ্লব (৩০), আবু বক্কর সিদ্দিকের ছেলে সবুজ ইসলাম (২৪) এবং আনোয়ার হোসেনের ছেলে সুজন ইসলাম (২৬)।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পঞ্চগড়ের পুলিশ সুপারের সার্বিক নির্দেশনা ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন তিনজনকে আটক করে তাদের কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, জব্দ করা ট্যাপেন্টাডল মাদকদ্রব্য হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে রাখা হয়েছিল। এ ঘটনায় গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে ।
মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার পাশাপাশি মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।